মুন্সীগঞ্জে ফের ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক অবরোধ

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৫, ০১:০৫ পিএম

মুন্সীগঞ্জের গজারিয়ায় ত্রয়োদশ জাতীয় সংসদ আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে দ্বিতীয় দফা ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে হোমনা-মেঘনা নির্বাচনী আসন রক্ষা কমিটি।

রবিবার (৭ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে গজারিয়া উপজেলার ভাটেরচর নতুন রাস্তায় বিক্ষোভ করে তারা। এ সময় তাদের দাবির প্রতি একাত্বতা প্রকাশ করেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া,

বিক্ষোভের কারণে মহাসড়কের দুপাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশরাফুল আলম, সহকারী কমিশনার (ভূমি) ডা.হামিদা মোস্তফা, গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার আলম আজাদ ঘটনাস্থলে গেলে বিক্ষোভকারীরা তাদের অনুরোধে মহাসড়ক ছেড়ে দেন।

আন্দোলনকারীরা বলেন, সরকার জনগণের আবেগ, আকাঙ্খা অনুধাবন না করে এমন জনস্বার্থ বিরোধী সিদ্ধান্ত নিয়েছে। ভৌগোলিক কারণে হোমনা ও মেঘনা পাশাপাশি, যাতায়াত ব্যবস্থাও একই পথে তাই কুমিল্লা-২ আসন বহাল রাখার দাবি জানান তারা।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুরোধে মহাসড়ক ছেড়ে সড়কের পাশে বিক্ষোভ করে অন্দোলনকারীরা। ছবি: দেশ রূপান্তর

বিএনপি নেতা সেলিম ভূঁইয়া বলেন, হোমনা-মেঘনার সাধারণ মানুষের আশা আকাঙ্খার বিষয়, আশা করি সরকার মানুষের প্রত্যাশা পূরণ করবে।

এর আগে ৩১ আগস্ট একই দাবিতে হোমনা-মেঘনা নাগরিক সমাজের ব্যানারে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে এলাকাবাসী।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত