এনসিএল টি-টোয়েন্টিতে রাজশাহীর নেতৃত্বে শান্ত, খুলনার অধিনায়ক মিঠুন

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৫৬ পিএম

জাতীয় দলের ক্রিকেটাররা যখন এশিয়া কাপ খেলবেন, দেশে তখন বাকিদের ব্যস্ত সময় কাটবে জাতীয় লিগ (এনসিএল) টি-টোয়েন্টি টুর্নামেন্ট। টুর্নামেন্টটি উন্মোচন করা হবে আগামীকাল সোমবার। আর খেলা মাঠে গড়াবে ১৪ সেপ্টেম্বর থেকে।

আনুষ্ঠানিক উন্মোচনের আগের দিন একে একে অংশগ্রহণকারী দলগুলোর অধিনায়কের নাম জানিয়েছে আয়োজকরা। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ভিন্ন ভিন্ন বার্তায় অধিনায়কদের নাম ঘোষণা করেছে এনসিএল টি-টোয়েন্টি কর্তৃপক্ষ।

এশিয়া কাপের দলে না থাকায় এবার শুরু থেকেই এনসিএল টি-টোয়েন্টিতে খেলতে পারবেন নাজমুল হোসেন শান্ত। তার কাঁধেই থাকবে রাজশাহীর দায়িত্ব। গত কয়েক বছরের ধারাবাহিকতায় এবারও রংপুরের অধিনায়কত্ব করবেন আকবর আলি।

ক্রিকেটারদের কল্যাণ সংস্থা কোয়াবের সভাপতি নির্বাচিত মোহাম্মদ মিঠুনকে দেওয়া হয়েছে খুলনার দায়িত্ব। গত কয়েক বছর টানা দলটির নেতৃত্বে ছিলেন নুরুল হাসান সোহান। তবে এবার এশিয়া কাপের দলে সুযোগ পেয়েছেন তিনি।

এনসিএল টি-টোয়েন্টির গত আসরে সর্বোচ্চ রান করা মোহাম্মদ নাঈম শেখ থাকছেন ঢাকা মেট্রোর নেতৃত্বে। ঢাকা বিভাগীয় দলের অধিনায়কত্ব করবেন আরেক ধারাবাহিক পারফরফার মাহিদুল ইসলাম ভুঁইয়া অঙ্কন। 

এছাড়া সিলেটের দায়িত্বে থাকছেন বাঁহাতি ওপেনার জাকির হাসান। চট্টগ্রাম বিভাগকে এগিয়ে নেওয়ার দায়িত্ব থাকছে ইয়াসির আলি চৌধুরির কাঁধে। এখন পর্যন্ত বরিশাল বিভাগের অধিনায়ক ঘোষণা করা হয়নি। তবে সম্ভাবনায় এগিয়ে ফজলে মাহমুদ রাব্বি। 

অধিনায়কদের মতো এবার কোচিং প্যানেলেও এসেছে কিছু রদবদল। বরিশাল বিভাগের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ আশরাফুল। সহকারী হিসেবে থাকবেন শাহীন হোসেন। ঢাকা বিভাগের প্রধান কোচ মিজানুর রহমান ও সহকারী কোচ রেজাউল ইসলাম রাজন। 

ঢাকা মেট্রোর প্রধান কোচ জাতীয় দলের সাবেক পেসার নাজমুল হোসেন। সহকারী হিসেবে থাকছেন জাহাঙ্গীর আলম। রংপুরের দায়িত্বে সাইফুল ইসলাম খান, সহকারী নাজিম উদ্দিন। সিলেটের দায়িত্বে থাকছেন আগের মতোই রাজিন সালেহ। সহকারী হিসেবে পাচ্ছেন রবিউল ইসলামকে।

এছাড়া রাজশাহীর দায়িত্বে আব্দুল করিম জুয়েল, সহকারী সালাউদ্দিন আহমেদ। চট্টগ্রামের প্রধান কোচ মাহবুব আলি জ্যাকি। তার সহকারী মাসুম উদ্দৌল্লা চৌধুরি। আর খুলনা বিভাগের কোচিং করাবেন তুষার ইমরান। সঙ্গে থাকবেন সাবেক বাঁহাতি পেসার সৈয়দ রাসেল।

রাজশাহীতে টুর্নামেন্টের উদ্বোধনী দিনে সকালের ম্যাচে স্বাগতিক দলের সঙ্গে খেলবে গতবারের রানার্স-আপ ঢাকা মেট্রো। খেলা শুরু সকাল সাড়ে ৯টায়। বগুড়ার মাঠে একই দিন দুপুর দেড়টায় বর্তমান চ্যাম্পিয়ন রংপুরের প্রতিপক্ষ সিলেট। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত