কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থীর মৃত্যুর ঘটনা উদঘাটনের দাবিতে মানববন্ধন যোগ দিতে বাস চেয়ে না পাওয়ায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) রেজিস্ট্রার অফিসে তালা দিয়েছেন শিক্ষার্থীরা।
সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরের দিকে এ ঘটনা ঘটে।
এ বিষয়ে ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ রাহিম বলেন, আমরা সুমাইয়া হত্যার বিচারের দাবিতে এবং যাতে পরবর্তীতে কেউ এমন ঘটনা ঘটানোর সাহস না পায় সেইজন্য আন্দোলনে অংশ নেয়ার জন্য বাস চেয়েছি। কিন্তু রেজিস্ট্রার আমাদের বাস না দিয়ে অন্য ভার্সিটির ইস্যু দেখাচ্ছে। এরপর উনি বলেছে এসব ছোটখাটো ইস্যুতে বাস দেওয়া যাবে না। এজন্য আমরা রেজিস্ট্রার দপ্তর ও প্রশাসনিক ভবনে তালা দিয়েছি।
তিনি বলেন, স্টেকহোল্ডারদের যাতে দুর্ভোগ না হয়ে সেইজন্য প্রশাসনিক ভবনের তালা খুলে দিয়েছি। কিন্তু রেজিস্ট্রার দপ্তরে এখনও তালা রয়েছে। তালা কখন খোলা হবে এটা শিক্ষার্থীরা আন্দোলন করে শহর থেকে ফেরার পরে সিদ্ধান্ত নেওয়া হবে।
অভিযোগে বিষয়ে রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. আনোয়ার হোসেন বলেন, আমি এটা উদাহরণ দিতে গিয়ে বলেছি। আমাদের ইতোমধ্যে শহরে বারোটা বাস গেছে এরপর আর বাস দেওয়া যেত না। আমরা তো বসে নেই। আমরা বিচার নিশ্চিত করার জন্য কাজ করতেছি।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী ও তার মাকে ভাড়া বাসায় শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে। এরপর নগরীর পূবালী চত্ত্বরে বিক্ষোভ মিছিলের ডাক দেয় শিক্ষার্থীরা।
