সিরাগঞ্জের কামারখন্দের শাহবাজপুরে র্যাবের একটি টিমকে আসতে দেখে ঝাঁপ দিয়ে বিলের পানিতে ডুবে শাওন রেজা (২২) নামের এক মাদক কারবারির মৃত্যু হয়েছে। নিহত শাওন রেজা সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার শাহবাজপুর গ্রামের নুরুল ইসলাম মন্ডলের ছেলে।
আজ সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ বিষয়টি নিশ্চিত করে জানান, সিরাজগঞ্জ র্যাব-১২ এর একটি টিম রবিবার সন্ধ্যায় কামারখন্দ উপজেলার শাহবাজপুর গ্রামে মাদক উদ্ধারের জন্য আসেন। স্থানীয়দের সঙ্গে কথা বলার এক পর্যায়ে র্যাব সদস্যদের দেখে দৌড়ে পালানোর চেষ্টা করেন শাওন। এ সময় বাড়ি পাশের বিলে ঝাঁপ দিয়ে তিনি তলিয়ে যান। অসুস্থ অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। পরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। কামারখন্দ থানায় গত বছরের ১৪ ফেব্রুয়ারি দায়ের করা মাদকদ্রব্য আইনের এক মামলার চার্জশিটভুক্ত আসামি ছিলেন শাওন রেজা।
কামারখন্দ উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সের চিকিৎসক মমিন উদ্দিন বলেন, হাসপাতালে আসার আগেই ওই যুবকের মৃত্যু হয়েছে। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সিরাজগঞ্জ র্যাব-১২ এর উপ-অধিনায়ক মেজর আহসান হাবিব বলেন, কামারখন্দে র্যাবের কোনো অভিযান ছিল না। র্যাবের গোয়েন্দা ইউনিটের মাঠকর্মীরা মাদক সংক্রান্ত তথ্য সংগ্রহের জন্য গিয়েছিল। মূলত তাদের দেখে ভয়ে ওই যুবক বিলে ঝাঁপ দেয়। ফলে পানিতে ডুবে ওই যুবক মারা গেছে।
