বাড্ডায় চালককে খুন করে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৫, ০৬:২৫ পিএম

রাজধানীর বাড্ডায় চালককে খুন করে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টার ঘটনা ঘটেছে৷ এই ঘটনা দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। নিহতের নাম মাসুদ কাজল (৪২)। আজ সোমবার বেলা ১২টার দিকে বাড্ডা কাঁঠালদিয়া থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য বিকেলে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।

নিহতের শ্যালক সেলিম জানান, কাজলের বাড়ি নেত্রকোনার দূর্গাপুর উপজেলায়। তিনি থাকতেন ভাটারার ফাসেরটেক এলাকায়। ৩ সন্তান ও স্ত্রী গ্রামে থাকেন। ঢাকায় ভাড়ায় অটোরিকশা চালান মাসুদ।

তিনি জানান, রবিবার বিকেলে নতুনবাজার এলাকার গ্যারেজ থেকে রিকশা নিয়ে বের হয়েছিলেন মাসুদ। এরপর আর বাসায় ফেরেননি। রাতে ২ যুবক তার রিকশা নিয়ে বিক্রির জন্য ওই একই গ্যারেজে গেলে গ্যারেজ মালিক (নারী) নিজের রিকশা দেখে চিনে ফেলেন। তখন তাদের কাছে জানতে চান, ওই রিকশার চালক মাসুদ কোথায়? তখন তারা কোনও উত্তর দিতে পারে না। রিকশাটি তাদের নিজের বলে দাবি করে। তখন গ্যারেজ মালিকসহ স্থানীয়রা তাদের দুজনকে আটকে থানায় খবর দেয়। পরবর্তিতে সোমবার বেলা ১২টার দিকে সেখান থেকে মাসুদের লাশ উদ্ধার করে পুলিশ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বাড্ডা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম জানান, রিকশা চালককে খুনের পর রিকশা বিক্রি করতে গিয়ে ধরা পড়ে ২ ঘাতক। তাদের দেখানো মতেই লাশ উদ্ধার করা হয়। এই ঘটনায় একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন। বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত