পদত্যাগ করলেন নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৪৮ পিএম

দুর্নীতি এবং সোশ্যাল মিডিয়ায় সরকারি বিধিনিষেধের বিরুদ্ধে জেনারেশন জেড- সদস্যদের বিক্ষোভের পর পদত্যাগ করেছেন নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখক।

সোমবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় বালুওয়াতারে প্রধানমন্ত্রীর বাসভবনে মন্ত্রিসভার বৈঠকে তিনি প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলির কাছে পদত্যাগপত্র জমা দেন।

বৈঠকে উপস্থিত একজন মন্ত্রীর বরাত দিয়ে কাঠমান্ডু পোস্ট জানিয়েছে, সোমবার বিক্ষোভকালে কাঠমান্ডুতে ১৭ জন এবং ইটাহরিতে দুজন নিহত হওয়ার পর নৈতিক দায় স্বীকার করে তিনি পদত্যাগ করেছেন।

এর আগে, দিনের শুরুতে নেপালি কংগ্রেসের কার্যালয়ের কর্মকর্তাদের বৈঠকে কংগ্রেসের সাধারণ সম্পাদক গগন থাপা এবং বিশ্ব প্রকাশ শর্মা নৈতিক কারণে লেখকের পদত্যাগের দাবি জানান।

দেশজুড়ে ফেসবুক, ইউটিউব, এক্সসহ বেশ কয়েকটি সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধের জেরে সোমবার বিক্ষোভকারীরা নির্দেশনা ভেঙে পার্লামেন্ট প্রাঙ্গণে প্রবেশ করলে সংঘর্ষের সূত্রপাত ঘটে। এ সময় পুলিশ জলকামান, টিয়ারগ্যাস ও গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। এতে বহু বিক্ষোভকারী আহত হন।

নেপালের তরুণরা মূলত সরকারের দুর্নীতি ও ২৬টি অনিবন্ধিত সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম, যার মধ্যে ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, ইউটিউব ও স্ন্যাপচ্যাট রয়েছে—নিষিদ্ধ করার প্রতিবাদে রাস্তায় নেমেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত