সাবেক সচিব আবু আলম শহীদ খান কারাগারে

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৪০ এএম

সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় সাবেক সচিব আবু আলম শহীদ খানকে কারাগারে পাঠিয়েছে আদালত। গতকাল সোমবার মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) তৌফিক হাসানের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুজ্জামান এই আদেশ দেন। আবু আলমের পক্ষে জামিনের আবেদন করেন আইনজীবী ওবায়দুল ইসলাম। জামিনের আবেদন নামঞ্জুর হয়। এর আগে গত রবিবার তিনি ইস্কাটন এলাকা থেকে গ্রেপ্তার হন। গত ২৮ আগস্ট ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) ‘মঞ্চ ৭১’-এর একটি অনুষ্ঠানে হামলার ঘটনার পর সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীসহ ১৬ জনকে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার করা হয়। ওই মামলাতেই আবু আলম শহীদ খানকে গ্রেপ্তার দেখানো হয়।

মামলার অভিযোগে বলা হয়, মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে ফেলার গভীর ষড়যন্ত্র এবং মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি রোধের লক্ষ্যে গত ৫ আগস্ট ‘মঞ্চ ৭১’ নামে একটি সংগঠনের আত্মপ্রকাশ ঘটে। এই সংগঠনের উদ্দেশ্য ছিল জাতির অর্জন মুছে ফেলার সব ষড়যন্ত্র প্রতিহত করতে বাংলাদেশের জনগণকে সঙ্গে নিয়ে আত্মত্যাগের প্রস্তুতি গ্রহণ করা। এই প্রস্তুতির অংশ হিসেবে গত ২৮ আগস্ট সকাল ১০টায় একটি গোলটেবিল বৈঠকের আয়োজন করা হয়। তবে, বৈঠকে আব্দুল লতিফ সিদ্দিকীসহ কয়েকজন হেনস্তার শিকার হন বলে প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা যায়। পরে সন্ত্রাসবিরোধী আইনে লতিফ সিদ্দিকীসহ ১৬ জনকে গ্রেপ্তার করা হয়।

১৯৯৬ সালে সচিবালয়ে তৎকালীন বিএনপি সরকারবিরোধী ‘জনতার মঞ্চ’-এর অন্যতম সংগঠক ছিলেন আবু আলম শহীদ খান। ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত তিনি শেখ হাসিনার উপ-প্রেস সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০১ সালে বিএনপি ক্ষমতায় এলে তাকে ওএসডি করা হয়। ২০০৮ সালে আওয়ামী লীগ পুনরায় ক্ষমতায় এলে তিন মাসের মধ্যে পরপর চারটি পদোন্নতি পেয়ে তিনি সচিব হন। ওই সময় তিনি অত্যন্ত প্রভাবশালী সচিব হিসেবে পরিচিতি লাভ করেন। ২০১৫ সালে স্থানীয় সরকার বিভাগের সচিব হিসেবে তিনি অবসর গ্রহণ করেন। সম্প্রতি এ সাবেক আমলা টেলিভিশনের টকশোতে অংশ নিয়ে আলোচনায় আসেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত