কুমিল্লায় সাংবাদিকের বিরুদ্ধে মামলা, প্রতিবাদে মানববন্ধন

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০৫ পিএম

সাংবাদিকের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা’ দেওয়ার অভিযোগে কুমিল্লায় স্থানীয় সাংবাদিকরা মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন।

বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুরে কুমিল্লা প্রেস ক্লাবের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা অংশ নেন।

মানববন্ধনে সাংবাদিক নেতারা বলেন, “আজ ‘আমার দেশ’ পত্রিকার প্রতিনিধি এম. হাসানের বিরুদ্ধে মামলা করা হয়েছে। আগামীকাল আমাদের সবার নামে মামলা হতে পারে যদি আমরা ঐক্যবদ্ধ না থাকি। হাসানের প্রতিবেদন সকল পেশাগত মানদণ্ড মেনে প্রকাশিত হয়েছে। আমাদের পত্রিকায় প্রতিবাদ প্রকাশিত হয়েছে, তারপরও মামলা করা হলো। কুমিল্লায় কে কোথায় চাঁদাবাজি করছে আমরা সবাই জানি। প্রতিবেদনটি সবাইকে পুনরায় প্রকাশ করা উচিত।”

মানববন্ধন ও সমাবেশের সভাপতিত্ব করেন ‘আমার দেশ’ কুমিল্লা দক্ষিণ প্রতিনিধি শাহ আলম সফির। অনুষ্ঠান সঞ্চালনা করেন কুমিল্লা প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতু। বক্তৃতা রাখেন যমুনা টিভির কুমিল্লা ব্যুরো প্রধান রফিকুল ইসলাম খোকন চৌধুরী, কুমিল্লা প্রেস ক্লাবের সদস্য ও বৈশাখী টিভির কুমিল্লা প্রতিনিধি আনোয়ার হোসেন, ‘আমার দেশ’ পাঠকমেলা কুমিল্লা জেলা সাধারণ সম্পাদক মোহাম্মদ আসাদুজ্জামান মনির, চ্যানেল টুয়েন্টিফোর কুমিল্লা প্রতিনিধি জাহিদুর রহমান, নিউজ টুয়েন্টিফোর কুমিল্লা প্রতিনিধি মহিউদ্দিন, ‘খবরের কাগজ’ কুমিল্লা প্রতিনিধি জহির শান্ত, রুপসী বাংলা স্টাফ রিপোর্টার এনকে রিপন, কুমিল্লা নিউজ সম্পাদক জহিরুল হক বাবু, দেশ টিভি কুমিল্লা প্রতিনিধি সুমন কবির, নয়া দিগন্ত মাল্টিমিডিয়া প্রতিনিধি ফাহিম, বিজনেস বাংলাদেশ কুমিল্লা প্রতিনিধি আয়েশা আক্তার, সকালের সময় কুমিল্লা প্রতিনিধি রায়হান, ‘আমার দেশ’ দাউদকান্দি প্রতিনিধি মোহন মিয়া, লালমাই প্রতিনিধি ইয়াকুব আলী নিমাল এবং বাংলাদেশ কণ্ঠ কুমিল্লা প্রতিনিধি ইয়াছিন আলী।

বক্তারা অভিযোগ করেন, মামলার বাদী স্থানীয়ভাবে চাঁদাবাজি ও প্রভাব খাটিয়ে সাংবাদিকদের কণ্ঠরোধের চেষ্টা করছেন।

এ সময় এম. হাসান বলেন, “আমি সত্য তুলে ধরেছি, এজন্যই মামলা। গত ১৬ বছর ধরে সত্যের পক্ষে লিখছি। মামলা, হামলা বা হুমকিতে ভয় পাই না। কলম থামাব না।”

×
সর্বশেষ সর্বাধিক পঠিত