চৌদ্দগ্রাম উপজেলা ও পৌর ছাত্রদলের কমিটি ঘোষণা

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৫:১৬ পিএম

প্রায় সতেরো বছর পর কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা ও পৌর জাতীয়তাবাদী ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। 

বুধবার রাতে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে এ ঘোষণা দেওয়া হয়।

এতে উপজেলা ও পৌর ছাত্রদল নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা জানানো, আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণের মাধ্যমে তারা আনন্দ প্রকাশ করেছেন।

দীর্ঘদিন ধরে উপজেলা ও পৌর ছাত্রদল আহ্বায়ক কমিটির মাধ্যমে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করে আসছিল। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকে নিয়মিত কমিটি গঠন হয়নি। অবশেষে বুধবার (১০ সেপ্টেম্বর) নতুন কমিটি ঘোষণার মধ্য দিয়ে নেতাকর্মীদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হলো।

ঘোষিত চৌদ্দগ্রাম উপজেলা ছাত্রদল কমিটিতে সভাপতি হয়েছেন মো. ফখরুল হাসান, সাধারণ সম্পাদক আবির আব্দুল্লাহ চৌধুরী এবং সাংগঠনিক সম্পাদক মো. শফিউল বসার। কমিটিতে মোট ৪৩ জন সদস্য রাখা হয়েছে।

চৌদ্দগ্রাম পৌর ছাত্রদল কমিটিতে সভাপতি হয়েছেন শাহরিয়ার জাকির বাঁধন, সাধারণ সম্পাদক গাজী আব্দুল্লাহ আল জোবায়ের এবং সাংগঠনিক সম্পাদক খালেদ হাসান পাভেল। এ কমিটিতে মোট ৩১ জন সদস্য রয়েছেন।

ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ ঘোষিত দুইটি কমিটিকে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দিয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত