বুদ্ধিজীবী স্মৃতিসৌধে জয়ী শিবির নেতারা

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৪০ এএম

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনের পরপরই ডাকসু ভবন সংস্কারকাজ জোরেশোরে শুরু হয়েছে। নির্বাচিতদের অভিষেকের তারিখ এখনো নির্ধারিত হয়নি, তবে শিগগিরই এটি ঘোষণা করা হবে। ধারণা করা হচ্ছে, আগামী দু-এক দিনের মধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন অভিষেকের তারিখ ঘোষণা করবে।

এদিকে, ১৯৭১-এর মুক্তিযুদ্ধ এবং জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে দোয়া ও মোনাজাত করেছেন ডাকসু নির্বাচনে বিজয়ী ছাত্রশিবির-সমর্থিত প্যানেলের নেতারা। গতকাল বৃহস্পতিবার সকালে তারা রাজধানীর রায়েরবাজারে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের কবরস্থানে গিয়ে দোয়া ও মোনাজাত করেন। পরে দুপুরে রায়েরবাজার শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে দোয়া ও মোনাজাতে অংশ নেন তারা।

গতকাল ডাকসু ভবন পরিদর্শনে দেখা যায়, পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ চলছে। সহসভাপতি (ভিপি), সাধারণ সম্পাদক (জিএস) ও সহসাধারণ সম্পাদক (এজিএস) কক্ষ স্যাঁতসেঁতে অবস্থায় রয়েছে। কিছু কক্ষের কম্পিউটার অযতেœ ও অবহেলায় পড়ে আছে। জিএস ও এজিএস কক্ষে নেমপ্লেট থাকলেও ভিপি কক্ষে নেমপ্লেট নেই। এ ছাড়া, জিএস ও এজিএস কক্ষে ডেস্কটপ কম্পিউটার থাকলেও ভিপি কক্ষে তা অনুপস্থিত। গতকাল বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল দপ্তরের দায়িত্বপ্রাপ্তরা ডাকসু ভবন পরিদর্শন করেছেন। ডাকসু ও হল সংসদ নির্বাচনের চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক ড. জসীম উদ্দিন বলেন, ‘এখনো চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করা হয়নি। শিগগিরই বিশ্ববিদ্যালয় প্রশাসন এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে।’

৭১ ও ২৪-এর শহীদদের কবর জিয়ারত শিবিরের প্যানেলের : ১৯৭১-এর মুক্তিযুদ্ধ ও জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে দোয়া ও মোনাজাত করেছেন ডাকসু নির্বাচনে বিজয়ী ছাত্রশিবির সমর্থিত প্যানেলের নেতারা। গতকাল সকালে তারা রায়েরবাজারে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের কবরস্থানে দোয়া ও মোনাজাত করেন। দুপুরে তারা রায়েরবাজার শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বপ্নদ্রষ্টা নবাব সলিমুল্লাহর কবরে দোয়া ও মোনাজাত করেন। এ সময় উপস্থিত ছিলেন ডাকসুর নবনির্বাচিত সহসভাপতি (ভিপি) আবু সাদিক কায়েম, সাধারণ সম্পাদক (জিএস) এসএম ফরহাদ, সহসাধারণ সম্পাদক (এজিএস) মুহা. মহিউদ্দীন খানসহ প্যানেলের অন্য বিজয়ী নেতারা।

দোয়া ও মোনাজাত শেষে আবু সাদিক কায়েম বলেন, ‘শহীদদের আকাক্সক্ষা ও প্রত্যাশা পূরণ করাই আমাদের প্রধান কাজ। শহীদরা আমাদের প্রেরণার উৎস। তারা আমাদের পথ দেখিয়েছেন। তাদের আমানত বৈষম্যহীন বাংলাদেশ গড়া। আমরা শহীদদের পরিবারের কাছে যাওয়ার চেষ্টা করব। ফোনে তাদের সঙ্গে কথা বলারও চেষ্টা করেছি। জুলাইয়ের শহীদদের পরিবার আমাদের পরিবার। মুক্তিকামী ছাত্র-জনতাসহ সবার কাছে দোয়া চাই। শিক্ষার্থীরা যেকোনো সময় আমাদের প্রশ্ন করতে পারবেন। আমাদের কাজ হলো কাজ করা।’

নবনির্বাচিত জিএস এসএম ফরহাদ বলেন, ‘আজ একাত্তরের মুক্তিযুদ্ধ ও জুলাই শহীদদের কবর জিয়ারতের মাধ্যমে প্যানেলের বিজয়-পরবর্তী কার্যক্রম শুরু করছি। শহীদদের আত্মত্যাগের আমানত আমাদের ওপর অর্পিত। সুন্দর ক্যাম্পাস গড়তে তাদের আত্মত্যাগের মূল্য আমরা কাজের মাধ্যমে দিতে চাই। আমরা শিক্ষার্থীদের কথা শুনব। দায়িত্ব নেওয়ার আগে নির্বাচিত হিসেবে সবার সঙ্গে কথা বলব। শিক্ষার্থীদের প্রতিশ্রুতি রক্ষার মাধ্যমে আমরা তা অব্যাহত রাখতে চাই।’

 নুরকে দেখতে হাসপাতালে শিবিরের প্যানেল : গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরকে দেখতে হাসপাতালে গিয়েছেন ডাকসুর নবনির্বাচিত ছাত্রশিবির-সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থীরা। গতকাল বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আহত নুরুল হক নুরকে দেখতে যান তারা। নুরের জন্য দোয়া করতে গিয়ে সবাই কান্নায় ভেঙে পড়েন। উপস্থিত ছিলেন ভিপি সাদিক কায়েম, জিএস এসএম ফরহাদ, এজিএস মহিউদ্দীনসহ অন্য নেতারা। তারা নুরের দ্রুত সুস্থতা কামনা করেন এবং সমবেদনা জানান। এর আগে, ডাকসু ও হল সংসদ নির্বাচনে বিজয়ী ও অংশগ্রহণকারী সব শিক্ষার্থীকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানান নুর। গত বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, ‘ধৈর্য, কৌশল ও দক্ষতার সঙ্গে প্রতিকূল পরিস্থিতি মোকাবিলা করে প্রাণবন্ত ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের জন্য আমি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ধন্যবাদ জানাই।’

স্বতন্ত্র ভিপি প্রার্থী জালালের জামিন : রুমমেটকে হত্যাচেষ্টার অভিযোগে গ্রেপ্তার ডাকসুর স্বতন্ত্র ভিপি প্রার্থী জালাল আহমদ ওরফে জ্বালাময়ী জালাল নির্বাচনের দুদিন পর গতকাল জামিন পেয়েছেন। ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমান শুনানি শেষে জামিনের আদেশ দেন।

নির্বাচিত প্রার্থীকে কটাক্ষ, লিখিত অভিযোগ : ডাকসু নির্বাচনে নবনির্বাচিত মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক ফাতিমা তাসনিম জুমাকে নিয়ে বিকৃত ছবি এবং সাইবার বুলিংয়ের অভিযোগে প্রক্টরের কাছে লিখিত অভিযোগ করা হয়েছে। গতকাল নবনির্বাচিত আইন ও মানবাধিকার সম্পাদক শাখাওয়াত জাকারিয়া প্রক্টর সাইফুদ্দিন আহমদের কাছে এ অভিযোগ দেন। এ সময় ঢাবি শিক্ষার্থী রিফাত রিদওয়ান ও মাহমুদ রিদওয়ান উপস্থিত ছিলেন। অভিযুক্ত শিক্ষার্থী রাকিবুল মবিন বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী। তিনি ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্ন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্টে (বিআইজিডি) গবেষক হিসেবে কর্মরত। তিনি ডাকসুর বিজয়ী নারী শিক্ষার্থীদের ‘গৃহদাসী’ বলে কটাক্ষ করে ফেসবুকে পোস্ট করেন। প্রক্টর সহযোগী অধ্যাপক ড. সাইফুদ্দিন আহমদ বলেন, ‘লিখিত অভিযোগ পেয়েছি। আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত