জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আগামীকাল বন্ধ

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৩২ পিএম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আগামীকাল রবিবার (১৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয় বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। এদিন সব ধরনের একাডেমিক ক্লাস ও প্রশাসনিক অফিস বন্ধ থাকবে। তবে ভর্তি পরীক্ষা নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, সোমবার (১৫ সেপ্টেম্বর) থেকে বিশ্ববিদ্যালয়ের সব অফিস ও ক্লাস স্বাভাবিক সময়ে চলবে। তবে সব চূড়ান্ত পরীক্ষা আপাতত স্থগিত থাকবে। কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ ও ফল গণনা কার্যক্রম চার দিন ধরে চলার প্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শনিবার পর্যন্ত ভোট গণনা চলেছে এবং নির্বাচন কমিশনের আশা, আজ শনিবার বিকেল সাড়ে ৪টায় ফলাফল ঘোষণা করা হবে।

অন্যদিকে, ২০২৪-২৫ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষা রবিবার নির্দিষ্ট সময়েই অনুষ্ঠিত হবে। ভর্তি সংক্রান্ত দপ্তরগুলো খোলা থাকবে এবং ভর্তি কাজে নিয়োজিত শিক্ষক-কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত