প্রাণিসম্পদ কর্মকর্তার গাড়িতে মেয়াদোত্তীর্ণ ওষুধ, ধরলেন উপদেষ্টা ফরিদা

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০১:৪৩ পিএম

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীয় প্রাণিসম্পদ কর্মকর্তা মৌসুমী আক্তারের সরকারি গাড়ি থেকে মেয়াদোত্তীর্ণ সরকারি ওষুধ জব্দ করা হয়েছে। ঘটনাস্থলে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতারের উপস্থিতিতে ওষুধগুলো জব্দ করা হয়। জেলা সার্কিট হাউজে শনিবার (১৩ সেপ্টেম্বর) রাতে এ ঘটনা ঘটে।

এঘটনায় ক্ষোভ প্রকাশ করে উপদেষ্টা ফরিদা আখতার জানান, এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সরকারি গাড়িতে মেয়াদোত্তীর্ণ ওষুধ থাকা মানে হলো বড় ধরনের অনিয়ম। এ বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হবে। যারা এর সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।
 
সংশ্লিষ্টরা জানায়, শনিবার রাতে স্থানীয় সংবাদকর্মীরা গোপন খবর পেয়ে সভা চলাকালীন বালিয়াডাঙ্গী প্রাণিসম্পদ কর্মকর্তার সরকারি গাড়িটি চেক করতে যান। এ সময় গাড়ি চালক তার কর্মকর্তাকে খবর দিলে প্রথমে গাড়ির দরজা খুলতে অস্বীকৃতি জানান ওই কর্মকর্তা। পরবর্তীতে সাংবাদিকরা বিষয়টি উপদেষ্টা ফরিদা আখতারকে জানায়। পরে তিনি নিজেই গাড়িটি তল্লাশি করেন। তল্লাশির এক পর্যায়ে গাড়ি থেকে মেয়াদোত্তীর্ণ বেশ কিছু ওষুধ দেখতে পান। এনিয়ে জেলা প্রশাসন ও প্রাণিসম্পদ বিভাগের অন্য কর্মকর্তাদের মধ্যে আলোচনা শুরু হয়।

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত