ভাঙ্গায় মহাসড়ক ও রেলপথ অবরোধের ঘটনায় ৯০ জনের নামে মামলা 

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৫৫ এএম

ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়ক ও রেলপথ অবরোধের ঘটনায় ৯০ জনের নাম উল্লেখ ও আরো একশো থেকে দেড়শো জন অজ্ঞাতনামা আসামি করে ভাঙ্গা থানায় মামলা দায়ের করা হয়েছে।  

রবিবার (১৪ সেপ্টেম্বর) রাতে ভাঙ্গা থানার এসআই হাবিবুর রহমান বাদি হয়ে মামলাটি দায়ের করেন। এতে প্রধান আসামি করা হয়েছে আলগী ইউনিয়নের চেয়ারম্যান এবং সর্বদলীয় সংগ্রাম পরিষদের প্রধান ম. ম. সিদ্দিক মিয়াকে। এর মধ্যেই সিদ্দিক মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে।  

মামলায় অভিযোগ করা হয়েছে, ঢাকা-খুলনা মহাসড়কের উপর সুয়াদীতে সিসিবিএল তেল পাম্পের সামনে ফরিদপুর-৪ আসন পুনর্বিন্যাসকে কেন্দ্র করে আসামি ম. ম. সিদ্দিক মিয়ার নেতৃত্বে পলাতকসহ অজ্ঞাতনামা আসামিরা রাস্তার উপর সমবেত হয়। তারা রাস্তার উপর বড় বড় গাছ ফেলে, টায়ারে অগ্নিসংযোগ করে ভয়ভীতি ও শক্তির মহড়া প্রদর্শন করে রাস্তায় বাস ও যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। 

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফ হোসেন জানান,  রাস্তার উপর বড় বড় গাছ ফেলে, টায়ারে অগ্নিসংযোগ, ভয়ভীতি ও শক্তির মহড়া প্রদর্শন করে রাস্তায় বাস ও যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করার অপরাধে ৯০ জনের নাম উল্লেখ করে একটি মামলা করা হয়েছে । পরবর্তীতে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত