বাবা-মায়ের কবরে শায়িত হলেন ফরিদা পারভীন

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩৪ এএম

দেশবরেণ্য সংগীতশিল্পী ফরিদা পারভীনকে তার শেষ ইচ্ছা অনুযায়ী বাবা-মায়ের কবরে দাফন করা হয়েছে। কুষ্টিয়া পৌর কবরস্থানে তার দ্বিতীয় জানাযা শেষে তাকে দাফন করা হয়।

রবিবার (১৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টায় ফরিদা পারভীনের মরদেহবাহী ফ্রিজিং গাড়ি এসে পৌঁছায় কুষ্টিয়া পৌর কবরস্থানে। সেখানে রাত ৮টা ৪০ মিনিটে তার দ্বিতীয় জানাযা শেষে তাকে দাফন করা হয় পূর্ব নির্ধারিত কবরে। 

এর আগে গত শনিবার (১৩ সেপ্টেম্বর) রাত সোয়া ১০টায় চিকিৎসাধীন অবস্থায় প্রয়াত হন কিংবদন্তীর লালন সংগীতশিল্পী ফরিদা পারভীন।

রবিবার বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে তার প্রথম জানাযা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে লাশবাহী গাড়িতে করে শিল্পীর মরদেহ কুষ্টিয়ায় পথে রওনা হয়।

এ সংঙ্গীত শিল্পীর ইচ্ছে অনুযায়ী কুষ্টিয়া পৌর কবরস্থানে বাবা-মায়ের কবরে ফরিদা পারভীনকে দাফন সম্পন্ন করা হবে বলে পূর্বেই পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছিলো। 

ফরিদা পারভীনের জন্ম নাটোরে হলেও বাবার কর্মসূত্রে এই শিল্পীর শৈশব-কৈশোর অতিবাহিত হয়েছে কুষ্টিয়ায়। এছাড়াও লালনের গান করায় শিল্পীর অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে শহরটিতে। যেখানে যেতেন, প্রাণ ভরে স্বস্তির সময় কাটাতেন।

তার জানাযায় উপস্থিত ছিলেন তার পরিবারের সদস্যরা, কুষ্টিয়ার জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন, লেখক ও বুদ্ধিজীবী ফরহাদ মজহার, লালন গবেষক ও লেখক এ্যাড. লালিম হকসহ, সাংস্কৃতিক অঙ্গণের নেতাকর্মী, সংঙ্গীত শিল্পীরা, আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্খীরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত