কক্সবাজারের টেকনাফে যৌথ অভিযানে মাছ ধরার ট্রলার থেকে ১ লাখ ২০ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে বিজিবির (৬৪ ও ২ বিজিবি) সদস্যরা।
গ্রেপ্তারকৃতরা হলেন- টেকনাফের মৃত সৈয়দ আমিরের ছেলে মো. সাদেক (১৯), জাদিমুরা রোহিঙ্গা ক্যাম্প-২৭ এর মৃত কবির আহমেদের ছেলে আনাছ (৪০)।
রবিবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে টেকনাফ ফিশারী ঘাট সংলগ্ন এলাকা থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেন উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক (৬৪ বিজিবি) লেফটেন্যান্ট কর্নেল জসীম উদ্দীন।
তিনি জানান, রবিবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে টেকনাফ ফিশারী ঘাট সংলগ্ন এলাকায় ৬৪ ও ২ বিজিবির সদস্যরা যৌথভাবে অভিযান পরিচালনা করেন। অভিযানে ট্রলারের নিচের অংশে জালের কুণ্ডুলির ভেতর থেকে ১২টি হলুদ রঙের প্যাকেট উদ্ধার করা হয়। এসব প্যাকেটের ভেতরে নীল রঙের বায়ুরোধী মোড়কে মোট ১ লাখ ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। এ সময় দুইজন মাদক পাচারকারীকে গ্রেপ্তার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা স্বীকার করে যে, ট্রলারের মালিক "খতিয়ার" এর নির্দেশে মিয়ানমারের জিঞ্জিরা নামক স্থান হতে ইয়াবাগুলো সংগ্রহ করে বাংলাদেশের লবণঘাট এলাকায় পৌঁছে দেওয়ার দায়িত্ব ছিল তাদের। এর বিনিময়ে প্রত্যেককে ২০ হাজার টাকা করে দেওয়ার কথা ছিল।
আটক আসামি, ট্রলার ও উদ্ধারকৃত ইয়াবাসহ আনুষাঙ্গিক মালামাল টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান বিজিবির ওই কর্মকর্তা।
মাদারীপুরে পূর্ব শত্রুতার জেরে যুবককে কুপিয়ে হত্যা
ভারত খেলে বিশ্বমানের ক্রিকেট, পাকিস্তান পড়ে আছে ক্লাব স্তরে: শোয়েব আখতার