রাজধানীবাসীর যাতায়াত সহজ করতে আফতাবনগর ও রামপুরা বনশ্রী এলাকার মধ্যে সংযোগ স্থাপনকারী নড়াই নদীর (রামপুরা খাল) ওপর তিনটি নতুন সেতু নির্মাণের কাজ শুরু হয়েছে।
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজ আজ সকালে আফতাবনগর লেকভিউ রোডে এই নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন।
উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ বলেন, এই সেতুগুলো তৈরি হলে আফতাবনগর ও বনশ্রী এলাকার জনগণের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হবে।
তিনি আরও জানান, ভবিষ্যতে আফতাবনগর এলাকায় যানবাহনের চাপ বাড়তে পারে, যা সামাল দিতে এই সেতুগুলো অপরিহার্য। একই সঙ্গে প্রগতি সরণির যানজট কমানো এবং মেট্রোরেলের চলমান কাজ চলাকালে মানুষের চলাচলের বিড়ম্বনা কমাতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
ডিএনসিসি প্রশাসক বলেন, আমরা যেসব অবকাঠামোগত উন্নয়ন কাজ করছি, তা নাগরিকদের প্রতি কোনো অনুগ্রহ নয়; বরং এটি তাদের অধিকার। এ অধিকার বাস্তবায়ন করাই আমাদের দায়িত্ব।
তিনি আরও উল্লেখ করেন যে, কাউন্সিলর না থাকার কারণে সেবা প্রদানে বাড়তি চাপ থাকলেও তাঁরা গণশুনানির মাধ্যমে দ্রুত নাগরিক সমস্যার সমাধানের চেষ্টা করছেন।
এছাড়াও তিনি নগরবাসীকে নিয়মিত হোল্ডিং ট্যাক্স পরিশোধের আহ্বান জানান। প্রশাসক বলেন, সঠিক ট্যাক্স প্রদান করলে নাগরিক সমস্যার সমাধান আরও দ্রুত ও কার্যকরভাবে করা সম্ভব হবে।
পরিকল্পিত নগরায়ণের ক্ষেত্রে আবাসন সংস্থাগুলোর কার্যক্রমকে অন্তরায় হিসেবে উল্লেখ করে ডিএনসিসি প্রশাসক বলেন, ঢাকার আবাসন খাতে ন্যূনতম মান বজায় রাখা হচ্ছে না। ফলে নগরায়ণ হচ্ছে অপরিকল্পিতভাবে। এই সমস্যা মোকাবিলায় একটি ‘লোকাল এরিয়া অ্যাকশন প্ল্যান’ তৈরি করা হচ্ছে, যার মাধ্যমে ভবিষ্যতের ঢাকায় খেলার মাঠ, পাবলিক স্পেস এবং অন্যান্য নাগরিক সুবিধা নিশ্চিত করা হবে।
তিনি আরও বলেন, শহরের উন্নয়নে বেসরকারি খাতের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, তাই শহরের ন্যায্যতা রক্ষায় তাদেরও এগিয়ে আসতে হবে।
ডিএনসিসি সূত্র থেকে জানা যায়, বাংলাদেশ নৌবাহিনীর কারিগরি সহায়তায় এই তিনটি সেতু নির্মাণ করা হবে। নির্মাণকাজ শেষ হলে এর মধ্যে দুটি সেতু যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করা হবে এবং একটি শুধু পায়ে হেঁটে চলাচলের জন্য ব্যবহৃত হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মামুনুল হাসান, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মো. মঈন উদ্দিন, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস চৌধুরী, ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মো: সারওয়ার এবং ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কমোডর জাহাঙ্গীর আদিল সামদানি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়া, ডিএনসিসির বিভিন্ন বিভাগের প্রধান, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা এবং বনশ্রী ও আফতাবনগরের বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।
বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩, আছেন কর্নেল অলির ভাগ্নি-পুত্রবধূও
চট্টগ্রামে গ্রাসহপার বিল্ডিং ম্যাটেরিয়ালসের নতুন কারখানা উদ্বোধন
ভারতের পর এবার মধ্যপ্রাচ্যে যাচ্ছে ১১ হাজার টন ইলিশ