দাউদকান্দিতে অবৈধভাবে গ্যাস ব্যবহার করা চুন কারখানায় অভিযান চালিয়ে বাখরাবাদ গ্যাস কো. লিমিটেডের গৌরীপুর অফিসের টিম গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে।
রবিবার বিকেলে পরিচালিত অভিযানে কারখানায় কর্মরত আটজন শ্রমিককে পুলিশ আটক করেছে।
আটকরা হলেন- নেত্রকোনা জেলার আবুল কালাম (৩৫), দুলাল মিয়া (৩২), আবু কালাম (৩৯), মো. সোহাগ মিয়া (৩০), মো. সুজন মিয়া (৪১), মো. চান মিয়া (৩৮), আ. লতিফ (৪০) এবং সুনামগঞ্জ জেলার মাইদুল ইসলাম। অবৈধ চুন কারখানার মালিকসহ আটজন শ্রমিকের বিরুদ্ধে রাতেই দাউদকান্দি থানায় মামলা দায়ের করা হয়। সোমবার সকালে আটককৃতদের কুমিল্লা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
গৌরীপুর অফিসের ইনচার্জ অমর কুমার দত্ত জানান, গোপন সূত্রের ভিত্তিতে টিমটি অভিযান চালায়। তারা আমিরাবাদ বাস স্ট্যান্ডের পশ্চিম পাশে রাজিবের গ্যারেজ সংলগ্ন স্থানে স্থাপিত বিজিডিসিএল ৪” বিতরণ লাইনের মাধ্যমে অবৈধভাবে দুটি সার্ভিস লাইন স্থাপন করা হয়েছিল তা শনাক্ত করে। ওই লাইনের মাধ্যমে প্রায় ৮০ ফুট দূরে থাকা চুন কারখানায় অবৈধ গ্যাস সংযোগ গ্রহণ করা হচ্ছিল। অভিযানকালে কারখানায় মোট ১৩টি ফোকাস বার্নার উদ্ধার করা হয়, যা দিয়ে প্রতিদিন সরকারকে ৫০–৬০ হাজার টাকা ক্ষতি হতো।
অভিযান পরিচালনাকারী টিম আটজন কর্মীকে আটক করে দাউদকান্দি থানায় পুলিশি হেফাজতের জন্য হস্তান্তর করে। পরে বাখরাবাদ গ্যাস কর্তৃপক্ষ ১৩ জনের নামে মামলা দায়ের করে।
দাউদকান্দি মডেল থানার ওসি মোঃ জুনায়েদ চৌধুরী বলেন, অবৈধভাবে চুন কারখানায় গ্যাস সংযোগ বিচ্ছিন্নকালে আটজন শ্রমিককে আটক করা হয়েছে। বাখরাবাদ গ্যাস কো. লিমিটেড বাদী হয়ে মামলা দায়ের করেছেন। আটককৃতরা সোমবার সকালে কুমিল্লা জেল হাজতে পাঠানো হয়েছে।
বাংলাদেশের সঙ্গে নিবিড়ভাবে কাজ করতে আগ্রহী সিঙ্গাপুর