রংপুরের পীরগাছা স্টেশনে পদ্মরাগ কমিউটার ট্রেনের ছয়টি বগি লাইনচ্যুত হওয়ায় রংপুর অঞ্চলের তিন জেলায় রেল চলাচল সম্পূর্ণ এবং চার জেলায় আংশিকভাবে বন্ধ হয়ে গেছে।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে লালমনিরহাটগামী ট্রেনটি ঢাকাগামী লালমনিরহাট এক্সপ্রেসের সঙ্গে ক্রসিংয়ের অপেক্ষায় পীরগাছা স্টেশনের ২ নম্বর লাইনে ছিল। ক্রসিং শেষে লাইন পরিবর্তনের সময় একটি পয়েন্ট ভেঙে গেলে ছয়টি বগি লাইনচ্যুত হয়। তবে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।
স্টেশন কর্তৃপক্ষ জানায়, দুর্ঘটনাগ্রস্ত ট্রেন উদ্ধারে লালমনিরহাট থেকে উদ্ধারকারী দল রওনা দিয়েছে। প্রত্যক্ষদর্শীদের মতে, ট্রেন ছাড়ার প্রায় ৩০০ গজ পর এ দুর্ঘটনা ঘটে। এতে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং অনেকে মালামাল খোয়ার অভিযোগ করেন। ট্রেনটিতে প্রায় দুই হাজার যাত্রী ছিলেন।
পীরগাছা রেলওয়ে স্টেশনের মাস্টার জেনারুল ইসলাম জানান, আউটার সিগনাল এলাকায় লাইন সেপারেটরের প্লেট ভেঙে গেলে ইঞ্জিনের পেছনের তৃতীয় বগি থেকে চারটি বগি লাইনচ্যুত হয়। এতে কেউ হতাহত হয়নি।
তিনি আরও জানান, এ ঘটনায় আন্তঃনগর রংপুর এক্সপ্রেস, লালমনি এক্সপ্রেস, বুড়িমারি এক্সপ্রেস, কুড়িগ্রাম এক্সপ্রেসসহ মেইল ট্রেন দোলনচাঁপা, করতোয়া, পদ্মরাগ, রামসাগর, কমিউটার এবং নাইনটিন আপ-ডাউন ট্রেনের চলাচল বন্ধ রয়েছে।
ফলে রংপুর, লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলার যাত্রীরা সম্পূর্ণ এবং নীলফামারী, ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলার যাত্রীরা আংশিকভাবে সিডিউল অনুযায়ী গন্তব্যে পৌঁছাতে পারছেন না। উদ্ধারকাজ শেষ না হওয়া পর্যন্ত এই রুটে ট্রেন চলাচল বন্ধ থাকবে।
আদালত থেকে নিষ্পত্তির জন্য অপেক্ষা করা উচিত
৩ দফা দাবিতে জবি শিক্ষার্থীদের অনশন