জামালপুর কলেজের পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু 

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৪২ পিএম

জামালপুরে বন্ধুদের সঙ্গে গোসল করতে গিয়ে পুকুরে পানিতে ডুবে মোহাম্মদ রাহিম (২০) নামের একাদশ শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যুর ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ৩টার দিকে জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজ পুকুরে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত রাহিম জামালপুর পৌর শহরের রামনগর এলাকার রেজাউল করিমের ছেলে। তিনি ওই কলেজের একাদশ শ্রেণির মানবিক বিভাগের ছাত্র ছিলেন। তবে তারা শহরের নয়াপাড়া মনি চেয়ারম্যানের মোড়ে ভাড়া বাড়িতে বসবাস করতেন। 

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, দুপুরে বন্ধুদের সঙ্গে রাহিম কলেজের পুকুরে গোসল করতে নেমে পানিতে তলিয়ে যায়। পরে তাকে খোঁজাখুঁজি করে না পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জামালপুর ফায়ার সার্ভিস স্টেশনের টিম লিডার মো. আজহারুল ইসলাম বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে রাহিমকে উদ্ধার করে হাসপাতালে পাঠাই। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বন্ধুদের সঙ্গে গোসল করতে গিয়ে পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে। 

এ বিষয়ে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু ফয়সাল মো. আতিকের মোবাইল ফোনে বলেন, মরদেহ স্বজনরা বাড়িতে নিয়ে গেছে। এ ঘটনায় কোনো অভিযোগ নাই। তবে একটি অপমৃত্যু মামলা দায়ের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত