সার্কভুক্ত দেশের অংশগ্রহণে আগামী বৃহস্পতিবার রাজধানী ঢাকায় শুরু হচ্ছে চারদিনব্যাপী ‘সাউথ এশিয়া ট্রেড ফেয়ার ২০২৫’। তবে এই মেলায় ভারতসহ চারটি দেশের কোন প্রতিষ্ঠান অংশ নিচ্ছেনা। মেলায় অংশ নেওয়া শতাধিক প্রতিষ্ঠান বা স্টলের মধ্যে পাকিস্তানের স্টল থাকবে ৭৭টি ও বাংলাদেশের ১৭টি। এর বাইরে আফগানিস্তানের ৫টি ও শ্রীলঙ্কার একটি স্টল মেলায় অংশ নেওয়ার কথা রয়েছে।
ভারত, নেপাল, মালদ্বীপ ও ভুটানের কোন প্রতিষ্ঠান অংশ নিচ্ছে না এবারের মেলায়। শুধু স্টলই নয়, সার্কের এই মেলায় অংশই নিচ্ছেনা ভারত।
মঙ্গলবার রাজধানীর মতিঝিলে এফবিসিসিআই ভবনে মেলা উপলক্ষ্যে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। এই প্রদর্শনীর আয়োজন করেছে সার্ক চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (সার্ক সিসিআই) এবং দ্যা ফেডারশন অব বাংলাদেশ চেম্বার্স অব কর্মাস অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)। মেলা আয়োজনে সার্বিক সহযোগিতা করছে বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য প্রদান করেন এফবিসিসিআই মহাসচিব মো. আলমগীর, এফবিসিসিআই হেড অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স মো. জাফর ইকবাল ও সার্ক চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির মহাসচিব জুলফিকার আলী ভাট।
আয়োজকরা জানান, চার দিনের এই মেলা রাজধানীর কুড়িলে ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় আগামী ১৮ সেপ্টেম্বর শুরু হবে, চলবে ২১ সেপ্টেম্বর পর্যন্ত। মেলায় থাকছে তৈরি পোশাক ও বস্ত্র, জেমস ও জুয়েলারি, কসমেটিকস, চামড়াজাত পণ্য, হোম অ্যাপ্লায়েন্স ও কিচেনওয়্যার, প্রক্রিয়াজাত খাদ্য, ইলেক্ট্রনিক্সসহ বৈচিত্র্যময় পণ্যের সমাহার। মেলা উদ্বোধন করবেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। সার্ক সেক্রেটারিয়েটের পরিচালকসহ ব্যবসায়ী নেতারা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।
আয়োজকরা জানান, দক্ষিণ এশিয়ার দেশগুলোর শতাধিক প্রতিষ্ঠান নিজেদের পণ্য ও সেবা নিয়ে মেলায় অংশগ্রহণ করবে। মেলায় পণ্য প্রদর্শনের পাশাপাশি বিজনেস নেটওয়ার্কিং, বিটুবি সেশনসহ বিষয়ভিত্তিক বিভিন্ন সেশন এবং আলোচনায় যোগদানের সুযোগ পাবেন অংশগ্রহণকারীরা। মেলাটি ২১ সেপ্টেম্বর চলবে । প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ১০ টা পর্যন্ত মেলা দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।
লিখিত বক্তব্যে এফবিসিসিআই মহাসচিব মো. আলমগীর বলেন, ‘২০২৪ সালে পাকিস্তানের লাহোর এবং শ্রীলঙ্কার কলম্বোতে এই ফেয়ারের সফল আয়োজন হয়েছিল। কলম্বোতে উদ্বোধন করেছিলেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী দিনেশ গুনাওয়ার্দেনা, এবং উপস্থিত ছিলেন সার্ক মহাসচিব এক্সেলেন্সি গোলাম সারওয়ার। সেই ধারাবাহিকতায় ঢাকার এই আয়োজন হবে আরও বড়, আরও ফলপ্রসূ এবং আরও ঐতিহাসিক হবে।’
তিনি বলেন, ‘সাউথ এশিয়া ট্রেড ফেয়ার ২০২৫ কেবল একটি প্রদর্শনী নয়, এটি হবে দক্ষিণ এশিয়ার অর্থনৈতিক ভবিষ্যৎ নির্মাণের এক মাইলফলক। এই আয়োজনের মাধ্যমে আমরা আমাদের আঞ্চলিক সহযোগিতাকে আরও দৃঢ় করব, নতুন বাণিজ্য সুযোগ তৈরি করব এবং সমৃদ্ধির পথে একসাথে এগিয়ে যাব।’
সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি জানান, ‘মেলা উপলক্ষ্যে ভারতকে আমন্ত্রণ জানানো হয়েছিলো। তবে শেষ মূহূর্তে এসে ভারত জানিয়েছে, তারা এই মেলায় অংশ নেবেনা। নেপালের এই মেলায় অংশ নেওয়ার কথা ছিলো, কিন্তু রাজনৈতিক অস্থিরতার কারণে দেশটির কোন স্টল মেলায় অংশ নিচ্ছেনা, তবে মেলায় নেপালের প্রতিনিধিরা অংশ নেবেন। আর মালদ্বীপ ও ভুটানের কোন স্টল মেলায় অংশ না নিলেও তাদের প্রতিনিধিরা মেলায় অংশ নেবেন।’ তিনি জানান, এবারের মেলায় বাংলাদেশের ১৭টি, পাকিস্তানের ৭৭টি, আফগানিস্তানের ৫টি ও শ্রীলংকার ১টি স্টল থাকবে।
