ভাসানচর থেকে আনোয়ারায় পালিয়ে আসা ৩১ রোহিঙ্গা আটক

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৩৮ পিএম

চট্টগ্রামের আনোয়ারায় দালালের মাধ্যমে পালিয়ে আসা নারী-শিশুসহ ৩১ জন রোহিঙ্গা নাগরিককে আটক করেছে সেনাবাহিনী। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বেলা দেড়টার দিকে উপজেলার বারশত ইউনিয়নের দুধকুমড়া এলাকায় কর্ণফুলী টানেল সার্ভিস এরিয়ায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে নারী, পুরুষ ছাড়াও একাধিক শিশু রয়েছে।

স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে আনোয়ারা আর্মি ক্যাম্পের পেট্রোল টিম দ্রুত অভিযানে নামে। ওয়াারেন্ট অফিসার গানার আল আমিনের নেতৃত্বে এলাকায় তল্লাশি চালিয়ে ৩১জন রোহিঙ্গাকে আটক করতে সক্ষম হয়। তাদের মধ্যে ১৪জন প্রাপ্তবয়স্ক পুরুষ হলেও বাকিরা নারী ও শিশু।

জানা গেছে, তারা দুই দিন আগে দালালের সহযোগিতায় ভাসানচর রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে আসে। দালালেরা ৭টি পরিবার থেকে মোট ৬১ হাজার ৫০০ টাকা নিয়ে তাদের নৌকাযোগে আনোয়ারার পারকি এলাকায় পৌঁছে দেয়। পরিকল্পনা অনুযায়ী তারা বিভিন্ন দলে বিভক্ত হয়ে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকায় গিয়ে স্থানীয় নাগরিকদের সঙ্গে মিশে যাওয়ার চেষ্টা করছিল। 

আটক রোহিঙ্গাদের কর্ণফুলী টানেল রক্ষণাবেক্ষণ ইউনিটের নৌবাহিনী ক্যাম্পে হস্তান্তর করা হয়েছে। নৌবাহিনী ঊর্ধ্বতন সদর দপ্তরের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করে নৌবাহিনী ক্যাম্পের লে. আলমগীর রানা বলেন, ‘আজ সেনাবাহিনী ৩১ রোহিঙ্গাকে আমাদের কাছে হস্তান্তর করেছে। আমরা তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিচ্ছি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত