নির্বাচন নিয়ে অনীহা থাকায় জামায়াতে ইসলামী কর্মসূচি দিচ্ছে। তারা কি বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চায়? এ কারণেই কি তারা আন্দোলনের কর্মসূচি ঘোষণা করছে?-এমন প্রশ্ন তোলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
বুধবার (১৭ সেপ্টেম্বর) রাজধানীর বনানীতে নিজ কার্যালয়ে সাংবাদিকদের কাছে তিনি এ মন্তব্য করেন।
আমীর খসরু বলেন, গণতান্ত্রিক উপায়ে মাঠ দখল করতে হলে নির্বাচনে গিয়ে জনগণের ম্যান্ডেট নিতে হবে।
তিনি আরও বলেন, ঐকমত্য কমিশনের আলোচনার প্রতি কোনো ধরনের সম্মান দেখাচ্ছে না কর্মসূচি দানকারী দলগুলো। যারা দেশের স্থিতিশীলতা নষ্ট করতে চায়, তাদের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণ করবে জনগণ-বলে জানান আমীর খসরু মাহমুদ চৌধুরী।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিএনপির এ নেতা বলেন, চাপের কোনো প্রশ্নই আসে না। আমাদের নেতাকর্মীরা নির্বাচনের পথে নেমে গেছে।
তিনি আরও বলেন, জনগণ যেখানে নির্বাচনের জন্য অপেক্ষায়, তখন মাঠ দখল করতে হবে ভোটের প্রচারণার মাধ্যমে। জনগণের চাওয়া শান্তিপূর্ণ পরিবেশ, সেখানে কেউ বাধা সৃষ্টি করলে যার যার রাজনৈতিক ভবিষ্যত সে বুঝে নেবে।
