পুলিশকে লক্ষ্য করে রোহিঙ্গা সন্ত্রাসীদের গুলি, অস্ত্রসহ আটক-১১

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৪৮ পিএম

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়েছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (১৬ এবিপিএন)। 

এসময় পুলিশের ওপর গুলিবর্ষণ ও হামলার ঘটনা ঘটেছে। এরপর টেকনাফ নয়াপাড়া রেজিস্ট্রার ক্যাম্পের সি-ব্লকের বিকাশ মোড় এলাকায় ব্যাপক অভিযান চালিয়ে ক্যাম্প থেকে বন্দুক-দেশীয় অস্ত্রসহ ১১ জনকে আটক করেছে পুলিশ।

আটকরা হলেন টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পের আব্দুর রশিদ (২৪), নুরুল আমিন (৩০), পেঠান আলী (২৩), মো. সুলতান (২৬), আবুল হাশিম (২৪), মো. সলিম (২৪), মো. শরিফ (২১), মো. ফারুক (২০), ওমর ফারুক (২১), বিবি আয়েশা (২০) ও বিবি ছারা (১৮)।
বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. কাউছার সিকদার।

তিনি জানান, বুধবার (১৭ সেপ্টেম্বর) ভোররাগোপন সংবাদে খবর আসে, গভীর রাতে টেকনাফ নয়াপাড়া রেজিস্ট্রার ক্যাম্পের সি-ব্লকের বিকাশ মোড়ে একদল সশস্ত্র ডাকাত ডাকাতির উদ্দেশ্যে অবস্থান করছে। তাৎক্ষণিক এবিপিএনের ৫টি টিম ডাকাতদের গ্রেপ্তারে অভিযানে নামে।

টের পেয়ে ডাকাত দলের সদস্যরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুঁড়তে শুরু করে। ডাকাত দলের সদস্যরা পুলিশকে লক্ষ্য করে অন্তত ৪০ থেকে ৫০ রাউন্ড গুলি ছোঁড়ে। পরে বল কার্তুজ এবং লিডবল কার্তুজ ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় পুলিশ। কৌশলগত অভিযানের পর শীর্ষ সন্ত্রাসী ও শীর্ষ ডাকাতসহ ১১ জনকে আটক করতে সক্ষম হয়। 

তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ১টি দেশীয় তৈরি ওয়ান শুটার গান, তিন রাউন্ড রাইফেলের গুলি, একটি লোহার তৈরি তলোয়ার, একটি কাঠের বাটযুক্ত লোহার তৈরি রামদা, একটি কাঠের বাটযুক্ত লোহার তৈরি চাকু, একটি লোহার স্কয়ারবারের তৈরি দেশীয় অস্ত্র এবং একটি লোহার তৈরি ছুরি।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা স্বীকার করেছে, ৪০/৪৫ জন সহযোগী ডাকাতসহ ডাকাতির প্রস্ততি নিচ্ছিলেন। 

তাদের আটক করে পুলিশ ক্যাম্পে নিয়ে আসার পথে সহযোগিরা পুলিশের ওপর হামলা চালিয়ে তাদের ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছিল বলেও জানান তিনি। 

পরে আরও ফোর্স গিয়ে তাদের থানায় নিয়ে আসা হয় এবং ঘটনায় জড়িত বাকিদের গ্রেপ্তারে অভিযান চলছে। বর্তমানে ক্যাম্পের পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলেও জানান অতিরিক্ত ডিআইজি কাউছার সিকদার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত