অতিরিক্ত মদপান করে ফ্লাইট পরিচালনায় গাফিলতির দায়ে এক পাইলটকে বরখাস্ত করেছে জাপানের জাতীয় উড়োজাহাজ সংস্থা জাপান এয়ারলাইন্স (জেএএল)। এই ঘটনার জেরে এবার শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে সংস্থাটির প্রেসিডেন্টসহ ৩৬ জন শীর্ষ কর্মকর্তার বেতন কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বুধবার (১১ সেপ্টেম্বর) জেএএল এক বিবৃতিতে জানায়, একজন ক্যাপ্টেনের দায়িত্বজ্ঞানহীন আচরণের কারণে উড়োজাহাজ চলাচলে ব্যাপক বিলম্ব হয়। এর পরিপ্রেক্ষিতে ১১ সেপ্টেম্বর ৬৪ বছর বয়সী ওই ক্যাপ্টেনকে বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে, ঘটনার দায় স্বীকার করে জেএএল-এর প্রেসিডেন্ট মিৎসুকো তোত্তোরি আগামী দুই মাসের জন্য তার মাসিক বেতনের ৩০ শতাংশ কম নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
শুধু প্রেসিডেন্ট নন, ঘটনার জেরে আরও বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তাকে শাস্তির আওতায় আনা হয়েছে। সংস্থাটির ম্যানেজিং এক্সিকিউটিভ অফিসার ও প্রধান নিরাপত্তা কর্মকর্তা ইউকিও নাকাগাওয়া এবং ফ্লাইট পরিচালনার দায়িত্বে থাকা মাসাকি মিনামির বেতন এক মাসের জন্য ২০ শতাংশ কমানো হয়েছে। এছাড়া, বাকি ৩৪ জন নির্বাহী কর্মকর্তার বেতন এক মাসের জন্য ১০ শতাংশ কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জেএএল সূত্রে জানা গেছে, গত ২৮ আগস্ট ক্যাপ্টেনটি হাওয়াইয়ের হনলুলু থেকে জাপানের চুবু সেন্ট্রাইর আন্তর্জাতিক বিমানবন্দরে একটি ফ্লাইট পরিচালনার দায়িত্বে ছিলেন। কিন্তু আগের দিন তিনি ৯.৫ শতাংশ অ্যালকোহলযুক্ত তিন বোতল বিয়ার পান করেন। এর ফলে তিনটি ফ্লাইটের সময়সূচি ১৮ ঘণ্টারও বেশি বিলম্বিত হয়।
এই ঘটনার পরিপ্রেক্ষিতে ১০ সেপ্টেম্বর জাপানের পরিবহন মন্ত্রণালয় জেএএল-কে একটি কড়া সতর্কতা জারি করে। তারা জানায়, অ্যালকোহল সেবনের বিষয়ে সংস্থার অভ্যন্তরীণ ব্যবস্থাপনা ও তত্ত্বাবধান অপর্যাপ্ত। প্রাক্তন ক্যাপ্টেনের বিরুদ্ধে প্রশাসনিক শাস্তির বিষয়টিও বিবেচনাধীন রয়েছে বলে জানানো হয়েছে।
উল্লেখ্য, গত বছরের ডিসেম্বরে জেএএল-এর আরও দুইজন ক্যাপ্টেনের মদ্যপানের ঘটনা প্রকাশ্যে আসার পর তোত্তোরি ও অন্যান্য নির্বাহীদের বিরুদ্ধে একই ধরনের শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছিল।
সূত্র: জাপান টাইমস
লক্ষ্মী ভান্ডার থেকে চোরাই মোবাইল, অস্ত্র উদ্ধার
টিভিতে আজ যেসব খেলা