আগামী সোমবারের (২২ সেপ্টেম্বর) মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজকে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় হিসেবে ঘোষণা করে অধ্যাদেশ জারির দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা কলেজের শহীদ মিনারের সামনে এক সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা এই আল্টিমেটাম দেন। তারা অবিলম্বে বিদ্যমান সব সমস্যার সমাধান এবং সাত কলেজকে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের জন্য অধ্যাদেশ জারির দাবি জানান।
সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা কিছু শিক্ষকের সমালোচনা করেন। তারা অভিযোগ করেন, যেসব শিক্ষক ২০১৭ সালের পর কখনো শিক্ষার্থীদের পাশে ছিলেন না, এখন সাত কলেজের সমস্যা নিরসনের দিকে অগ্রগতি হলে তারাই বাধা দেওয়ার চেষ্টা করছেন। শিক্ষার্থীরা স্পষ্ট করে বলেন, অধ্যাদেশ জারি ছাড়া এই সমস্যার কোনো স্থায়ী সমাধান সম্ভব নয়।
শিক্ষার্থীরা আরও অভিযোগ করেন যে, আন্দোলনে অংশ নিলে পরীক্ষার ফলাফল কমিয়ে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে। শিক্ষার্থীদের বক্তব্য অনুযায়ী, এমন হুমকির কারণে তাদের মধ্যে এক ধরনের ভয় কাজ করছে। তবে তা সত্ত্বেও তারা তাদের যৌক্তিক দাবি আদায়ে অটল থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
স্বাস্থ্যখাতের ঠিকাদার মিঠু ৫ দিনের রিমান্ডে 