আদালতে ড্রাই ফুড খাওয়ার অনুমতি পেলেন না আমু

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০৩:০০ পিএম

আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা ও সাবেক মন্ত্রী আমির হোসেন আমুর জন্য তার আইনজীবী আদালতে ড্রাই ফ্রুটস, ডায়েট কোক ও স্যান্ডউইচের ব্যবস্থা করার অনুমতি চাইলেও আবেদন নামঞ্জুর করে দেন আদালত। বুধবার (১৭ সেপ্টেম্বর) এ আবেদন নামঞ্জুর করেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান।

এসময় শুনানিকালে আমুর আইনজীবী অ্যাডভোকেট মহসিন রেজা আদালতে বলেন, আমু সাহেব অসুস্থ। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তাকে আধা ঘণ্টা পর পর অল্প অল্প খাবার খাওয়াতে হয়। তিনি স্যান্ডউইচ, পানি, ডায়েট কোক খেতে পছন্দ করেন। এসব খাওয়ানোর অনুমতি চাই।

তবে জবাবে রাষ্ট্রপক্ষের প্রসিকিউশন ইন্সপেক্টর মো. জাহিদ বলেন, খাবারের টেস্টিং ইস্যু আছে।

আর এরপরই আদালত আবেদনটি নামঞ্জুর করেন।

জুলাই আন্দোলনের সময় যাত্রাবাড়ীতে মো. রিয়াজ (৩৫) নামে এক শ্রমিক নিহতের মামলায় বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে শুনানি চলাকালে এ ঘটনা ঘটে।

২০২৪ সালে জুলাই ছাত্র-জনতার আন্দোলনের শেষ দিন ৫ আগস্ট যাত্রাবাড়ী থানার সামনে গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করেন রিয়াজ। ওই ঘটনায় যাত্রাবাড়ী থানায় মামলাটি দায়ের করা হয়। উক্ত মামলায় আমির হোসেন আমুকে আসামি করা হয়। ওই বছর ৬ নভেম্বর ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত