ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবিএল) থেকে ২৫ কোটি টাকা আত্মসাৎ ও পাচারের মামলায় ২ জনকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার (১৭ সেপ্টেম্বর) চট্টগ্রামের আগ্রাবাদ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তারা হলেন আরামিট পিএলসির এজিএম উৎপল পাল ও আরামিট থাই অ্যালুমিনিয়াম লিমিটেডের এজিএম আব্দুল আজিজ।
দুদক চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-১ এর উপ পরিচালক সুবেল আহমেদ বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।
সূত্র জানায়, গ্রেপ্তার হওয়া মো. আব্দুল আজিজ ‘ইম্পেরিয়াল ট্রেডিং’ নামের একটি প্রতিষ্ঠানের মালিক এবং দুদকের এজাহারভুক্ত আসামি। অন্যদিকে, আরামিট পিএলসির এজিএম উৎপল পালকে নতুন করে মামলায় অন্তর্ভুক্ত করা হচ্ছে।
দুদক সূত্রে জানা যায়, সাবেক মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর বিদেশে সম্পদ অর্জন ও দেখাশোনার দায়িত্বপ্রাপ্ত কর্মচারী ছিলেন উৎপল পাল। তিনি জাবেদের দেশ থেকে দুবাই এবং সেখান থেকে যুক্তরাজ্যসহ অন্যান্য দেশে অর্থপাচার প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে কাজ করেছেন। দুদক উৎপল পালকে এ ঘটনায় ‘মাস্টারমাইন্ড’ হিসেবে বিবেচনা করছে। যদিও তিনি আরামিট পিএলসির কর্মচারী, তথাপি ব্যক্তিগতভাবে সাইফুজ্জামানের জন্য বিদেশে সম্পদ তৈরি ও তদারকির কাজ করতেন। তার কাছ থেকে জব্দ করা দুটি ল্যাপটপ ও দুটি মোবাইল ফোনে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে, যা ফরেনসিক পরীক্ষার জন্য আদালতের অনুমতি চাওয়া হয়েছে।
অন্যদিকে, আব্দুল আজিজ দেশের ভেতরে সম্পত্তি ক্রয়-বিক্রয় ও রক্ষণাবেক্ষণকারীর ভূমিকা পালন করতেন।
এদিকে অর্ধডজন মামলার আসামি সাইফুজ্জামান চৌধুরী ও তার স্ত্রী রুকমীলা জামানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়োনা জারির জন্য আবেদন করেছে দুদকে। যা এখন প্রক্রিয়াধীন বলে জানা গেছে। প্রায় ১২৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাইফুজ্জামান চৌধুরী এবং তার স্ত্রী ও ইউসিবি ব্যাংকের সাবেক চেয়ারম্যান রুকমীলা জামানসহ অর্ধশত কর্মকর্তার বিরুদ্ধে দুদকের তদন্ত চলমান রয়েছে।
