সিংগাইরে ৭ম শ্রেণির শিক্ষার্থীযুগলের প্রেম, পরিবারের সম্মতিতে বিয়ে!

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৪১ পিএম

একই শ্রেণিতে পড়ুয়া অপ্রাপ্তবয়স্ক দুই শিক্ষার্থীর প্রেমকে সায় দিয়ে পরিবারের সম্মতিতে বাল্য বিয়ের ঘটনায় এলাকায় তোলপাড় শুরু হয়েছে। ঘটনাটি ঘটেছে মানিকগঞ্জের সিংগাইর উপজেলার বলধারা ইউনিয়নে।

খোঁজ নিয়ে জানা গেছে, প্রেমিকযুগল স্থানীয় গোলাইডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী। প্রেমিক ওই ইউনিয়নের চর মগড়া গ্রামের ও প্রেমিকা পার্শ্ববর্তী গোলাইডাঙ্গা গ্রামের বাসিন্দা।।

দুজন একই শ্রেণিতে লেখাপড়ার সুবাদে দীর্ঘদিন আগে থেকে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে প্রেমিক তার প্রেমের বিষয় বলে পরিবারকে বিয়ের জন্য চাপ দেয়। অবশেষে গত বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) উভয় পরিবারের সম্মতিতে মানিকগঞ্জে এফিডেভিটের মাধ্যমে বিয়ে সম্পন্ন হয়। এ বিয়ের বিষয়টি দুই পরিবারের পক্ষ থেকে গোপন রাখা হলেও পরে কানাঘুষার একপর্যায়ে বিষয়টি প্রকাশ পেলে এলাকায় তোলপাড় শুরু হয়।

এদিকে, স্থানীয়রা বিয়ের বিষয়টি নিয়ে প্রতিবাদমুখর হয়ে ওঠেছে। অন্য শিক্ষার্থীদের ওপর এর বিরূপ প্রভাব পড়বে বিধায় উভয় পরিবারকেই প্রতিনিয়ত তোপের মুখে পড়তে হচ্ছে। তবে দুই পরিবারের লোকজন বিয়ে বিষয়টি এলাকাবাসীর কাছে এড়িয়ে যাচ্ছে।

বাল্য বিয়ের বিষয়টি নিয়ে স্থানীয় বাসিন্দারা প্রশাসনের দৃষ্টি আনতে গণমাধ্যমের শরণাপন্ন হন। এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে এ প্রতিবেদকসহ কয়েকজন সাংবাদিক ওই এলাকায় গিয়ে বিয়ের বিষয়টি নিশ্চিত হন।

সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকালে ছেলের বাড়িতে গেলে সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে পরিবারের লোকজন ঘরে তালা লাগিয়ে পালিয়ে যায়। পরে প্রতিবেশীদের সহযোগিতায় প্রেমিকের মায়ের সঙ্গে কথা বললে তিনি ছেলের প্রেমের বিষয়টি স্বীকার করলেও বিয়ের বিষয় অস্বীকার করেন।

অপরদিকে, মেয়ের মায়ের কাছে জানতে চাইলে তিনি বিষয়টি এড়িয়ে যান। তবে পরিবারদ্বয়ের মধ্যে বিয়ের কথা চলছে বলে স্বীকার করেন।

গোলাইডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর রহমান বলেন, খোঁজ খবর নিয়ে ঘটনার সত্যতা পেলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আর এসব অবৈধ বিয়ে বন্ধে সরকারের সুদৃষ্টি কামনা করেন তিনি।

এ ব্যাপারে সিংগাইর উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুল হাসান সোহাগ বলেন, সমাজে বাল্যবিয়ে প্রতিরোধে আমরা কাজ করছি। ঘটনাটি নিয়ে মহিলা বিষয়ক কর্মকর্তার সঙ্গে কথা বলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত