বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘আমরা দেশে একটা স্থিতিশীল অবস্থায় চাই। দেশের মানুষ স্থিতিশীলতা চায়। স্থিতিশীল অবস্থার মাধ্যমে সবার জীবন যাতে নিরাপদ থাকে এটা চায়।
গতকাল বৃহস্পতিবার দুপুরে রাজধানীর হাতিরঝিলে মহানগর প্রজেক্টের বাসায় গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরকে দেখতে গিয়ে আমীর খসরু সাংবাদিকদের সঙ্গে এসব কথা বলেন। তিনি নুরের সঙ্গে কথা বলেন এবং তার চিকিৎসার খোঁজ-খবর নেন।
খসরু জানান, ‘উন্নত চিকিৎসার জন্য নুর সিঙ্গাপুরে যাচ্ছেন।’ তিনি বলেন, ‘এখানে (দেশে) জবাবদিহিতার সংকট, এখানে সংসদ নেই, এখানে জবাবদিহিতার একটা অনুপস্থিতি তো আছেই। এটা তো আমরা অস্বীকার করতে পারি না, এটার জন্য কাউকে দোষারোপ করে লাভ নেই। দেশে একটা নির্বাচিত সরকার নেই। তাই জবাবদিহিতা, দায়বদ্ধতা এগুলো অনুপস্থিতি।’
আমীর খসরু বলন, ‘এটা (পিআর পদ্ধতির নির্বাচন) চাইতেই পারে কোনো অসুবিধা নেই। আরও অন্যান্য অন্য কিছু চাচ্ছে। আমাদেরও আবার চাওয়ার কিছু আছে। সব জায়গায় যে ঐকমত্য হয়েছে তা তো না, ঐকমত্য হওয়ারই কথা না। কারণ সবাই বিভিন্ন দল, বিভিন্ন দর্শন, বিভিন্ন চিন্তা-ভাবনা। সুতরাং সব জায়গাতে ঐকমত্য হবে এটা কেউ বিশ্বাস করার কোনো কারণ নেই।
