কক্সবাজার-চটগ্রাম মহাসড়কের দুই পাশ থেকে রশি দিয়ে যানবাহন থামিয়ে ডাকাতিকালে ডাকাতের মারধরে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টায় চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মাহমুদুল হক (৩৩) উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী এলাকা বাসিন্দা। তবে আহতদের নাম ও পরিচয় জানাতে পারেনি পুলিশ।
প্রত্যক্ষদর্শীদের বরাতে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার জানান, বৃহস্পতিবার রাতে চকরিয়ার মালুমঘাট এলাকায় মহাসড়কে রশির ফাঁদ তৈরি করে দুটি মোটরসাইকেল আটকায় একদল ডাকাত। পরে তাদের মারধর করে সঙ্গে থাকা সবকিছু লুট করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহত পাঁচজন উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মাহমুদুল হককে মৃত ঘোষণা করেন।
ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এছাড়া এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে বলে জানান ওসি।