চাকসু নির্বাচনে লড়বেন ৪৮ নারী প্রার্থী

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৫, ১০:১২ পিএম

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (চাকসু) নির্বাচনে লড়বেন মোট ৪৮ জন নারী প্রার্থী। তবে সহ-সভাপতি (ভিপি) পদে অংশ নিচ্ছেন না কোনো নারী শিক্ষার্থী।

শনিবার (২০ সেপ্টেম্বর) রাত সাড়ে আটটায় তথ্যটি নিশ্চিত করেন চাকসু নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিন।

চাকসু নির্বাচনে কেন্দ্রীয় সংসদে প্রতিদ্বন্দ্বিতা করবেন সর্বমোট ৪২৯ জন প্রার্থী। যার মধ্যে নারী প্রার্থী রয়েছেন মাত্র ৪৮ জন প্রার্থী। ভিপি পদে কোনো নারী প্রার্থী না থাকলেও জিএস ও এজিএসসহ অন্যান্য পদে নির্বাচন করবেন নারী প্রার্থীরা। এরমধ্যে সাধারণ সম্পাদক (জিএস) পদে লড়বেন ১ জন নারী শিক্ষার্থী এবং যুগ্ম-সাধারণ সম্পাদক (এজিএস) পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন ২ জন নারী শিক্ষার্থী।

কেন্দ্রীয় সংসদে ছাত্রীদের সংরক্ষিত ছাত্রী কল্যাণ বিষয়ক সম্পাদক পদে ১২ জন ও সহ-ছাত্রীকল্যাণ সম্পাদক পদে নির্বাচনে অংশ নিচ্ছেন ১১ জন প্রার্থী। দপ্তর সম্পাদক ও সহ দপ্তর সম্পাদক পদে ১ জন করে, যোগাযোগ ও আবাসন বিষয়ক সম্পাদক পদে ২ জন, আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক পদে ১ জন, ক্যারিয়ার ডেভেলপমেন্ট ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে ১ জন, পাঠাগার ও ক্যাফেটারিয়া সম্পাদক পদে ৩ জন, বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি সম্পাদক পদে ১জন, মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক পদে ১ জন করে ছাত্রী নির্বাচনে অংশ নিচ্ছেন।

এছাড়া সমাজসেবা ও পরিবেশ বিষয়ক সম্পাদক পদে ২ জন, সহ-খেলাধুলা ও ক্রীড়া সম্পাদক পদে ১ জন এবং সহ-সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক পদে ২ জন ছাত্রী নির্বাচনে অংশ নিচ্ছেন।

চাকসু নির্বাচনে সবচেয়ে বেশি প্রতিদ্বন্দ্বিতা হবে সহ-সভাপতি (ভিপি) পদে। কেন্দ্রীয় সংসদে ভিপি পদের বিপরীতে নির্বাচনে অংশ নিচ্ছেন ২৫ প্রার্থী। নির্বাচনে কেন্দ্রীয় সংসদ থেকে সর্বমোট ৪২৯ জন প্রার্থী নির্বাচনে অংশ নিচ্ছেন। ভিপি পদের পরে জিএস ও এজিএস পদে সবচেয়ে বেশি প্রতিদ্বন্দ্বিতা হবে। সাধারণ সম্পাদক (জিএস) ও যুগ্ম-সাধারণ সম্পাদক (এজিএস) পদে ২২ জন করে প্রার্থী নির্বাচনে লড়বেন।

এছাড়া খেলাধুলা ও ক্রীড়া সম্পাদক পদে ১২ জন, সহ-খেলাধুলা ও ক্রীড়া সম্পাদক পদে ১৫ জন, সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক পদে ১৮ জন, সহ-সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা পদে ১৬ জন প্রার্থী নির্বাচনে লড়বেন। দপ্তর সম্পাদক পদে ১৮ জন এবং সহ-দপ্তর সম্পাদক পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১৪ জন প্রার্থী। ছাত্রী কল্যাণ বিষয়ক সম্পাদক পদে ১২ জন, সহ-ছাত্রী কল্যাণ বিষয়ক সম্পাদক পদে ১১ জন, বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে ১১ জন, গবেষণা ও উদ্ভাবন বিষয়ক সম্পাদক পদে ১৩ জন, সমাজসেবা ও পরিবেশ বিষয়ক সম্পাদক পদে ২০ জন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক পদে ১৭ জন, মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক পদে ১৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। এছাড়া ক্যারিয়ার ডেভেলপমেন্ট ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে ১৬ জন, যোগাযোগ ও আবাসন বিষয়ক সম্পাদক পদে ২০ জন, সহ-যোগাযোগ ও আবাসন বিষয়ক সম্পাদক পদে ১৪ জন, আইন ও মানবাধিকার সম্পাদক পদে ১১ জন এবং পাঠাগার ও ক্যাফেটারিয়া সম্পাদক পদে ২১ জন প্রার্থী নির্বাচনে অংশ নিচ্ছেন। ৫ নির্বাহী সদস্য পদে লড়বেন ৮৪ জন প্রার্থী।

চাকসু নির্বাচনের সদস্য সচিব অধ্যাপক ড. এ কে এম আরিফুল হক সিদ্দিকী বলেন, “চাকসু নির্বাচনে মোট ৪২৯ জন প্রার্থী নির্বাচন করবেন। এর মধ্যে নারী শিক্ষার্থীর সংখ্যা ৪৮ জন।”

আগামী ১২ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে চাকসু নির্বাচন। এই নির্বাচনে ভোট দিবেন ২৭ হাজার ৬৩৪ জন শিক্ষার্থী।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত