উদ্ধার করা ২৩ একর জমিতে হবে ইকোপার্ক

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৫, ০১:১১ এএম

মালিকানাবিহীন ৬০ কোটি টাকা মূল্যের ২৩ একর জমি সরকারের মালিকানায় আনলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক। জেলার আড়াইহাজার উপজেলার বিশনন্দী ফেরিঘাটসংলগ্ন নারায়ণগঞ্জ-ব্রাহ্মণবাড়িয়া সড়কের পাশে প্রায় ২৩ একর জমি ৭০ বছর ধরে বেদখল অবস্থায় ছিল। দখলমুক্ত ওই জমিতে দৃষ্টিনন্দন ইকোপার্ক গড়ে তোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক।

জানা গেছে, ১৯৪৭ সালে ভারত ভাগের পর হিন্দু সম্প্রদায়ের মালিকরা ভারতে চলে গেলে এ জমি অব্যবস্থাপনার সুযোগে স্থানীয় শতাধিক পরিবার চাষাবাদ শুরু করে। ২০২০ সালে সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম বাবুর লোকজন কৃষকদের কাছ থেকে জমি দখলে নিয়ে অবৈধ বালুর ব্যবসা শুরু করে। পরে ৫ আগস্ট বিএনপির স্থানীয় নেতাকর্মীরাও জমি দখলে যায়। ফলে এলাকায় ফের রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা দেখা দেয়। এমন খবর পাওয়ার পর নারায়ণগঞ্জ জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা আড়াইহাজার উপজেলা প্রশাসনকে কঠোর নির্দেশ দেন, যেন এক ইঞ্চি জমিও আর বেদখল না হয়। জমিটি মালিকবিহীন হিসেবে খাস খতিয়ানে অন্তর্ভুক্ত করার প্রক্রিয়া শুরু করার নির্দেশ দেন তিনি। এরই পরিপ্রেক্ষিতে জমিটি খাস খতিয়ানে অন্তর্ভুক্ত করা হয়।

এ বিষয়ে জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা বলেন, ‘এ জমিতে জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি দৃষ্টিনন্দন ইকোপার্ক গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছি। এতে ভবিষ্যতে জমিটি আর বেদখল হবে না। পাশাপাশি স্থানীয়রা পর্যটন সুবিধা থেকে অর্থনৈতিকভাবে লাভবান হবেন।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত