পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেছেন, ভারত ও পাকিস্তান প্রতিবেশী দেশ; তাই দুই দেশের মধ্যে সহাবস্থান গড়তেই হবে। তাই ভারতকে এখনই সিদ্ধান্ত নিতে হবে তারা শত্রুতা বজায় রাখবে নাকি সুসম্পর্ক গড়ে তুলবে। গতকাল রবিবার পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য নিউজ ইন্টারন্যাশনাল এক প্রতিবেদনে জানায়, লন্ডনে প্রবাসী পাকিস্তানিদের এক সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে তিনি এ মন্তব্য করেন। এ সময় তিনি পাকিস্তানের সাম্প্রতিক সাফল্য এবং বিশ্ব সংকটের কথা তুলে ধরেন। এ ছাড়া কাশ্মীর সমস্যার সমাধান ছাড়া দুই দেশের সম্পর্ক এগোবে না বলেও মন্তব্য করেন তিনি।
পাক প্রধানমন্ত্রী শাহবাজ বলেন, ভারতের সঙ্গে যেকোনো আলোচনাই হতে হবে ন্যায্যতার ভিত্তিতে। পাকিস্তান ও ভারত চারটি যুদ্ধ করেছে, এতে কোটি কোটি ডলার খরচ হয়েছে। অথচ এই অর্থ ব্যয় করা উচিত ছিল স্কুল, হাসপাতাল, সড়ক নির্মাণে এবং সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে। শাহবাজ স্পষ্ট করে দেন, কাশ্মীর সমস্যার সমাধান ছাড়া ভারতের সঙ্গে সম্পর্ক এগোতে পারবে না।
