টেকনাফে মানবপাচারকারীর আস্তানা থেকে ৮৪ জন উদ্ধার, আটক ৩

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৩৩ পিএম

কক্সবাজারের টেকনাফে যৌথ অভিযান চালিয়ে মানবপাচারকারীর আস্তানা থেকে ৮৪ জনকে উদ্ধার করেছে র‌্যাব ও বিজিবি। এসময় অস্ত্র ও গোলাবারুদসহ মানবপাচারকারী চক্রের তিন সদস্যকে আটক করা হয়েছে।

সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) সদর দপ্তরে সংবাদ সম্মেলনে ২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান ও র‍্যাব-১৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কামরুল হাসান এসব তথ্য জানিয়েছেন।

আটকরা হলেন- উপজেলার কচ্ছপিয়া এলাকার আব্দুল্লাহ (২১), রাজরছড়ার সাইফুল ইসলাম (২০) ও একই এলাকার মো. ইব্রাহিম (২০)।

আস্তানা থেকে উদ্ধার করা অস্ত্র। ছবি: প্রতিনিধি

সংবাদ সম্মেলনে বলা হয়, ২০ সেপ্টেম্বর গোপন সংবাদে জানা গেছে, বাহারছড়া কচ্ছপিয়ার গহীন পাহাড়ে একটি চক্র মালয়েশিয়া ও থাইল্যান্ডে নেওয়ার প্রলোভন দেখিয়ে ভুক্তভোগীদের আটকে রেখেছে। এমন খবরের ভিত্তিতে ২১ সেপ্টেম্বর প্রায় ১২ ঘণ্টা যৌথভাবে অভিযান চালিয়ে ভুক্তভোগীদের উদ্ধার ও আসামিদের আটক করে। অভিযান চলাকালে এ সময় একটি ওয়ান শুটার গান, বন্দুক, বিদেশি পিস্তল, দুইটি রামদা, চাকু ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ সময় বিভিন্ন পাহাড় থেকে ৮৪ জন অক্ষত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়।

আটকদের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা করে থানা পুলিশের কাছে হস্তান্তর প্রক্রিয়াধীন বলে সংবাদ সম্মেলনে জানানো হয়েছে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত