যুক্তরাষ্ট্রে আখতারের ওপর হামলায় ডাকসুর নিন্দা 

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০২:১৮ পিএম

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসের সফরসঙ্গী ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক সমাজসেবা সম্পাদক ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেনের উপর জুলাই গণহত্যা পরিচালনাকারী নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলার ঘটনায় গভীর উদ্বেগ, তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ডাকসু।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে ডাকসুর জিএস এস এম ফরহাদ স্বাক্ষরিত এক বিবৃতিতে এই নিন্দা জানানো করা হয়। 

বিবৃতিতে ডাকসু নেতারা বলেন, ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক ও ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের অন্যতম মুখ আখতার হোসেনের ওপর সংগঠিত এই হামলা শুধু গণতান্ত্রিক মূল্যবোধ, মানবাধিকারের ওপর নগ্ন আঘাতই নয় বরং ফ্যাসিবাদবিরোধী শক্তির জন্য সতর্কবার্তাও বটে। আওয়ামী ফ্যাসিবাদের বিলম্বিত বিচার প্রক্রিয়াসহ সামাজিক প্রতিরোধ সৃষ্টিতে যথেষ্ট ভূমিকা রাখতে না পারায় এমন ন্যাক্কারজনক হামলার সাক্ষী হতে হচ্ছে। ডাকসু মনে করে এই ধরনের বর্বরোচিত ঘটনা আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে এবং প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে অস্থিরতা সৃষ্টি করছে।

জড়িতদের সর্বোচ্চ শান্তির দাবি জানিয়ে নেতারা বলেন, আমরা এ ঘটনার সাথে জড়িত সন্ত্রাসীদের দ্রুত আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানাচ্ছি। একইসাথে বাংলাদেশ সরকার ও যুক্তরাষ্ট্র প্রশাসনের প্রতি আহ্বান জানাচ্ছি যেন ভবিষ্যতে এ ধরনের ঘটনা আর না ঘটে। এর জন্য যেন কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়। ডাকসু গণতন্ত্রকামী জনগণ ও ভিন্নমতের প্রতি সহনশীলতার লড়াইয়ে সবসময় দৃঢ় অবস্থানে ছিল এবং ভবিষ্যতেও থাকবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত