বেনাপোলে কার্গো ট্রাকসহ দুই কোটি ৫৫ লাখ টাকা মূল্যের ভারতীয় শাড়ী, থ্রি পিচ, ওষুধ, মোটরসাইকেলের টায়ার এবং বিভিন্ন প্রকার কসমেটিক্স সামগ্রী জব্দ করেছে বর্ডার গার্ড (বাংলাদেশ) বিজিবি। এ সময় ট্রাক চালক ও হেলপারকে আটক করা হয়।
আটক দুইজন হলেন- মাগুরা থানার হাজী রোড কলেজ পাড়া এলাকার নাদের মোল্লার ছেলে ট্রাকচালক আব্দুল মালেক (৪৬) একই জেলার শিবরামপুর পাড়া এলাকার শুশান্ত কর্মকারের ছেলে হেলপার অন্তর কর্মকার (২৯)।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকালে বেনাপোল পৌর ট্রাক টার্মিনালের সামনে থেকে ট্রাকসহ এসব পণ্য জব্দ করা হয়।
বিজিবি জানায়, সকালে গোপন সংবাদে তারা জানতে পারেন পণ্যবোঝাই একটি কার্গো ট্রাকে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ পণ্য নিয়ে ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে। এমন সংবাদের ভিত্তিতে বিজিবি একটি দল ভবেরবেড় এলাকায় পৌর ট্রাক টার্মিনালের সামনে অবস্থান করেন। এ সময় মাগুরা কার্গো সার্ভিসের একটি কার্গো ট্রাক (ঢাকা মেট্রো-ট-২২-৭৫৬৬) থামিয়ে তল্লাশি করে ভারতীয় শাড়ী, থ্রি পিচ, ওষুধ, মোটরসাইকেলের টায়ার এবং বিভিন্ন প্রকার কসমেটিক্স সামগ্রী জব্দ করা হয়। জব্দ করা এসব পণ্যের মূল্য দুই কোটি ৫৫ লাখ টাকা বলে জানায় বিজিবি।
বিজিবির জিজ্ঞাসাবাদে ট্রাকচালক স্বীকার করেন ২০ হাজার টাকার বিনিময়ে এসব অবৈধ পণ্য ঢাকায় পৌঁছে দেওয়ার জন্য তারা চুক্তি বদ্ধ হন।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, আটক দুইজনের বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। জব্দ করা পণ্য বেনাপোল কাস্টমস হাউসে জমা দেওয়া হয়েছে এবং জব্দ ট্রাক বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
ডিম নিক্ষেপ কাপুরুষিত আচরণ : বিএনপি
মুন্সিগঞ্জ শ্রমিক লীগের সভাপতির মরদেহ গাজীপুর থেকে উদ্ধার