পানিতে ভাসমান অবস্থায় তিনজনের লাশ উদ্ধার

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৫, ১২:২২ এএম

গাইবান্ধার পলাশবাড়ীতে আব্দুল গোফফার সর্দার (৫৫) নামের এক কৃষকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সকালে উপজেলার মানিয়ানদহ ভেগীর ব্রিজ এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত আব্দুল গোফফার একই উপজেলার পবনাপুর ইউনিয়নের বুজরুক বরকতপুর গ্রামের মৃত কপিল উদ্দিন সর্দারের ছেলে। পেশায় তিনি একজন কৃষক ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, গত সোমবার বিকেলে নিজ বাড়ি থেকে নিখোঁজ হন আব্দুল গোফফার। গতকাল বাড়ি থেকে প্রায় দুই কিলোমিটার দূরে ভেগীর ব্রিজ এলাকার একটি নালায় ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। পলাশবাড়ী থানার হরিণাবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের আইসি শাহাদত হোসেন জানান, লাশ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। ঘটনার রহস্য অনুসন্ধানে পুলিশ তদন্ত করছে।

এদিকে জেলার গোবিন্দগঞ্জে ডোবা থেকে সুমন মিয়া (৩০) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল দুপুরে উপজেলার সাপমারা ইউনিয়নের কাটা মোড় এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত সুমন মিয়া উপজেলার সাপমারা এলাকার আবুল কালাম আজাদের ছেলে। গোবিন্দগঞ্জ থানার ওসি বুলবুল ইসলাম জানান, দুপুরে ডোবায় ভাসমান অবস্থায় একটি লাশ দেখতে পায় স্থানীয়রা। পরে তারা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। লাশ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন এলে মৃত্যুর রহস্য জানা যাবে।

অন্যদিকে খুলনা নগরীর রূপসা নদীর শিপইয়ার্ড ১ নম্বর পন্টুনের পাশে গতকাল দুপুরে ভেসে থাকা অবস্থায় অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করা করেছে নৌপুলিশ। তবে বিকেল ৪টা পর্যন্ত তার পরিচয় শনাক্ত করা যায়নি। রূপসা নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ আবুল খায়ের জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে দুপুর ১২টার দিকে নদীর শিপইয়ার্ড ১ নম্বর পন্টুনের পাশ থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের লাশ উদ্ধার করা হয়। মরদেহের শরীরের কিছু অংশে পচন ধরেছে। তাছাড়া যুবকের পরনে একটি সাদা পায়জামা এবং ওপরের অংশে কোনো কিছু ছিল না। তার পরিচয় শনাক্তে পিবিআই ও সিআইডির বিশেষজ্ঞ টিম কাজ করছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি উল্লেখ করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত