বিয়ে করেছেন আফ্রি সেলিনা

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৫৮ পিএম

লন্ডনপ্রবাসী এক ব্যাবসায়ীকে বিয়ে করেছেন মডেল-অভিনেত্রী আফ্রি সেলিনা। পাত্রের নাম ইফতেখার আহমেদ। গত ২০ সেপ্টেম্বর লন্ডনে আফ্রি ও ইফতেখারের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। ইফতেখার যুক্তরাজ্যের নাগরিক হলেও তার পারিবারিক বাড়ি বাংলাদেশে। তিনি পেশায় ফুটবল খেলোয়াড়, ব্রিটিশ অভিনয়শিল্পী ও ব্যবসায়ী। আফ্রি সেলিনার বিয়েতে আত্মীয় ও স্বজন ও কাছের বন্ধুরা উপস্থিত ছিলেন। বিয়ের ছবি প্রকাশ করে বিষয়টি স্যোশাল মিডিয়ায় নিজেই জানিয়েছেন আফ্রি সেলিনা। 

বিয়ে নিয়ে এই অভিনেত্রী গণমাধ্যমকে বলেন, ‘আমার এবং ইফতেখারের দুই পরিবারের পরিকল্পনা ছিল বিয়ের অনুষ্ঠান ঢাকায় হবে কিন্তু দেশের বর্তমান পরিস্থিতির কারণে অনেকটা হঠাৎ করেই লন্ডনেই বিয়ের সব আয়োজন সম্পন্ন হয়েছে। গত ২০ সেপ্টেম্বর আমাদের লন্ডনে দুই পরিবারের উপস্থিতিতে বিয়ে হয়। যে বিশ্বাস ভালোবাসা নিয়ে আমি ও  ইফতেখার দাম্পত্য জীবন শুরু করেছি সারাজীবন যেন এটা বজায় থাকে। আমাদের নতুন জীবনের জন্য সবার কাছে দোয়া চাই।’ 

উল্লেখ্য, আফ্রি সেলিনার জন্ম ভারতের দিল্লিতে। পাঁচ বছর বয়সে বাংলাদেশে চলে আসেন তিনি। তার অভিনীত প্রথম চলচ্চিত্র ‘অন্যপথ’। নাঈম তালুকদারের পরিচালনায় এই ছবিতে আফ্রি অভিনয় করেছিলেন ইন্দ্রনীল সেনগুপ্তের বিপরীতে। তবে ছবিটির কাজ এখনো অসম্পূর্ণ রয়ে গেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত