ফরিদপুর শহরের মাহেন্দ্র স্ট্যান্ডে হামলা ও চাঁদাবাজির অভিযোগে পুলিশ জেলা যুবদলের সহসভাপতি মাসুদুর রহমান লিমনকে গ্রেপ্তার করেছে।
গতকাল বুধবার দুপুরে শহরের গোয়ালচামট এলাকা থেকে কোতোয়ালি থানার ওসির নেতৃত্বে একদল পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে আসে। পরে তাকে আদালতে পাঠানো হয়।
এর আগে মঙ্গলবার বিকেলে লিমনের নির্দেশে শাহীন হাওলাদারের নেতৃত্বে কিছু যুবক শহরের ভাঙ্গা রাস্তার মোড় এলাকায় মাহেন্দ্র স্ট্যান্ডে গিয়ে হামলা চালিয়ে ১৬টি মাহেন্দ্র ভাঙচুর এবং ১০ জন মাহেন্দ্র চালককে পিটিয়ে আহত করে বলে অভিযোগ রয়েছে। এ ঘটনার পর রাত ৮টার দিকে মাহেন্দ্রসহ চালকরা কোতোয়ালি থানায় গিয়ে ঘটনার সুষ্ঠু বিচার এবং লিমনকে গ্রেপ্তারের দাবি জানান। এরপর মাহেদ্র স্ট্যান্ডের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ বাদী হয়ে সাতজনের নাম উল্লেখ করে হামলা ও চাঁদাবাজির একটি মামলা করেন।
কোতোয়ালি থানার ওসি মো. আসাদুজ্জামান বলেন, এ হামলা এবং চাঁদাবাজির ঘটনায় একটি মামলা হয়েছে। সেই মামলায় ৬ নম্বর আসামি লিমন এবং ৭ নম্বর আসামি শুভ নামের দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। পরে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
