নিউ ইয়র্কে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেনের ওপর ডিম নিক্ষেপকারী ও জেষ্ঠ সদস্য সচিব ডা. তাসনিম জারাকে হেনস্তাকারী যুবলীগ নেতা মিজানুর রহমান চৌধুরীকে গ্রেপ্তারের এক দিন পর ২৩ সেপ্টেম্বর জামিনে ছাড়া পেয়েছেন। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রচার সম্পাদক মোহাম্মদ হামিদ এ তথ্য নিশ্চিত করেছেন। তার মুক্তির পর যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ জ্যাকসন হাইটস ও ব্রংকসে আনন্দ মিছিল বের করে। এতে নেতৃত্ব দেন আওয়ামী লীগ সভাপতি ড. সিদ্দিকুর রহমান ও সহসভাপতি আব্দুর রহিম বাদশা।
স্থানীয় সময় সোমবার ২২ সেপ্টেম্বর রাত সাড়ে ৯টার দিকে যুবলীগের এই নেতাকে জ্যাকসন হাইটসের নবান্ন রেস্টুরেন্টের সামনে থেকে গ্রেপ্তার করে পুলিশ। তার দেশের বাড়ি সিলেট জেলার জকিগঞ্জ উপজেলায়। ব্রংকসের ২০৫ স্ট্রিট বেডফোর্ড এলাকায় তার বসবাস।
প্রধান উপদেষ্টা ড. ইউনূসের জাতিসংঘ ডেলিগেট সদস্য হিসেবে বিএনপি মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর, বিএনপি নেতা হুমায়ুন কবির, জামায়াত নেতা ডা. আবু তাহের, এনসিপি নেতা আখতার হোসেন ও এনসিপি নেত্রী তাসনিম জারা নিউ ইয়র্কে আসেন সোমবার দুপুরে। বেলা ৩টার দিকে জেএফকে বিমানবন্দরে ইমিগ্রেশন চেক শেষে বেরিয়ে এলে পথিমধ্যে আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদের ওপর চড়াও হন। অকথ্য ভাষায় গালাগাল করেন। আখতার হোসেনকে লক্ষ করে ডিম ছুড়ে মারেন। জারাকে উদ্দেশ্য করে নোংরা মন্তব্য করেন। আখতার হোসেনের দিকে ডিম ছোড়ার আগে ভিডিও লুকও দেন হামলাকারী মিজান। আওয়ামী লীগ কর্মীরা ফখরুল ইসলাম আলমগীরের উদ্দেশে খারাপ মন্তব্য করেন। এ ঘটনার পর পুরো নিউ ইয়র্ক শহরের বাংলাদেশি কমিউনিটিতে উত্তেজনা ছড়িয়ে পড়ে। রাত ৮টা নাগাদ মিজান জ্যাকসন হাইটসে এসে আড্ডা দিচ্ছিলেন। বন্ধুদের সঙ্গে এই সাহসী ঘটনার উৎসব করছিলেন। ছিল নিজের মধ্যে হিরোইজমও। এ সময় কোনো একজন পুলিশকে খবর দিলে তাকে গ্রেপ্তার করে নিয়ে যায়।
বিএনপির কেন্দ্রীয় নেতা গিয়াস আহমেদ এক প্রতিক্রিয়ায় বলেছেন, ‘আওয়ামী লীগের সন্ত্রাসীরা তাদের পলাতক নেত্রীর নির্দেশে পূর্ব ঘোষণা দিয়ে এ জঘন্যতম মব সৃষ্টি করেছে। আমরা এসব চিহ্নিত সন্ত্রাসীকে আটক করার দাবি জানিয়েছিলাম।’ প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল ইসলাম ঘটনার নিন্দা জানিয়েছেন।
শরীয়তপুরে যুক্তরাষ্ট্রপ্রবাসী জাহিদের গ্রামের বাড়িতে ডিম নিক্ষেপ : শরীয়তপুরের নড়িয়া উপজেলায় যুক্তরাষ্ট্রপ্রবাসী আওয়ামী লীগ নেতার বাড়িতে ডিম নিক্ষেপের ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার চামটা ইউনিয়নের তেলিপাড়া গ্রামে মিছিল নিয়ে ওই বাড়িতে ডিম ছোড়েন একদল যুবক। তাদের নেতৃত্বে ছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি), বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও স্থানীয় কিছু নেতাকর্মী। পরে পুলিশ তাদের সেখান থেকে সরিয়ে দেয়।
স্থানীয়রা জানায়, ওই প্রবাসীর নাম জাহিদ হাসান ব্যাপারী। তিনি দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে থাকেন। যুক্তরাষ্ট্র শাখা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক তিনি। প্রধান উপদেষ্টার যুক্তরাষ্ট্র সফর ঘিরে আওয়ামী লীগের বিভিন্ন প্রতিবাদ কর্মসূচিতে জাহিদ হাসানকে অংশ নিতে দেখা গেছে। এ-সংক্রান্ত কিছু ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। তবে শরীয়তপুর জেলার এনসিপি ও বৈষম্যবিরোধী আন্দোলনের নেতাদের অভিযোগ, নিউ ইয়র্কে প্রধান উপদেষ্টার সফরসঙ্গী জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন ও জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারার সঙ্গে খারাপ আচরণ ও নেতাদের ওপর ডিম নিক্ষেপের ঘটনায় জাহিদ হাসান জড়িত।
গত মঙ্গলবার বিকেল থেকে জাহিদের গ্রামের বাড়ির সামনে লোকজন জড়ো হতে থাকেন। এলাকায় উত্তেজনা দেখা দিলে সেখানে পুলিশ মোতায়েন করা হয়। সন্ধ্যায় এনসিপির শরীয়তপুর জেলার প্রধান সমন্বয়কারী রুহুল আমীনের নেতৃত্বে কিছু লোক তেলিপাড়া গ্রামে বিক্ষোভ মিছিল করেন। এরপর জাহিদের বাড়ির প্রধান ফটক ও দেয়াল লক্ষ্য করে কয়েকটি ডিম নিক্ষেপ করা হয়। ওই সময় জাহিদের পৈতৃক বাড়িতে তার ছোট এক ভাইয়ের স্ত্রী ও শাশুড়ি ছিলেন।
জাহিদ হাসান ব্যাপারীর ছোট ভাইয়ের স্ত্রী মীম ইসলাম বলেন, মঙ্গলবার সন্ধ্যায় হঠাৎ আমাদের ভবনের প্রধান ফটকের সামনে কিছু লোকজন জরো হয়ে বিক্ষোভ মিছিল করে। পরে বিক্ষোভকারীরা আমাদের ফটকে ও দেয়ালে ডিম নিক্ষেপ করে। ফটকটি জোরে ধাক্কাতে থাকে। আমরা ভয় পেয়েছিলাম। জাহিদ ভাইয়ের ঘটনায় আমাদের এসব করার মানে বুঝলাম না।
জাতীয় নাগরিক কমিটির শরীয়তপুর জেলা প্রধান সমন্বয়কারী অ্যাডভোকেট মোহাম্মদ রুহুল আমিন বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সফরসঙ্গীদের ওপর ন্যক্কারজনক আচরণ করা হয়েছে। আমাদের এনসিপির কেন্দ্রীয় সদস্য সচিব আখতার হোসেনের ওপর ডিম নিক্ষেপ করা হয়েছে। জাহিদ হাসান নামের আওয়ামী লীগের এক নেতার নেতৃত্বে এ ঘটনা ঘটানো হয়েছে। এর প্রতিবাদ করার জন্য আমরা তার গ্রামের বাড়ি নড়িয়ার তেলিপাড়া এলাকায় গিয়েছি। তার পরিবারের কেউ এখানে থাকে না। তাই তাদের কাছে প্রতিবাদ পৌঁছে দিতে পারিনি। তবুও ডিম নিক্ষেপ করে প্রতিবাদ জানিয়েছি।
