নিউ ইয়র্কে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে কেউ লাঞ্ছিত করেনি বলে দাবি করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, ‘নিউ ইয়র্কে বিএনপি মহাসচিবকে কেউ লাঞ্ছিত করেননি। তাকে নিয়ে নানা অপপ্রচার শুরু হয়েছে। সবকিছু মিথ্যা ও ভিত্তিহীন। নিউ ইয়র্কে অন্তর্বর্র্তী সরকার দক্ষতা দেখাতে পারলে ফ্যাসিবাদের দোসররা এমন কর্মকাণ্ড ঘটানোর সাহস পেত না। সরকার কার্যকর পদক্ষেপ না নেওয়ায় দোসরদের প্রেতাত্মারা দেশে নামতে পারছে, বিদেশের মাটিতে কার্যক্রম চালাচ্ছে।’
গতকাল বুধবার সকালে নবনির্বাচিত পিরোজপুর জেলা বিএনপির নেতাদের সঙ্গে রাজধানীর সংসদ ভবনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে রিজভী এ কথা বলেন।
রিজভী বলেন, ‘জাতীয়তাবাদী পতাকা নিয়ে এই ‘রক্ত পিপাসু’ শেখ হাসিনাকে পরাজিত করতে তারেক রহমান যে পটভূমি রচনা করেছেন এবং তরুণদের উদ্বুদ্ধ করে রাজপথে নামিয়েছেন তা ইতিহাসের পাতায় উজ্জ্বল হয়ে থাকবে। খালেদা জিয়াকে কারাগারে নেওয়ার পর তারেক রহমান জাতীয়তাবাদী পতাকা হাতে নেতৃত্ব দিয়েছেন।’
