মোস্তফা জামান বললেন

নিখোঁজ জুলাই যোদ্ধা মামুনুরের পরিবারের পাশে আছে বিএনপি

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৪৮ এএম

বিএনপি জুলাই আন্দোলনের সক্রিয় কর্মী ও তুরাগ থানা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক যুগ্ম আহ্বায়ক মাওলানা মামুনুর রশীদের পরিবারের পাশে আছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর উত্তর বিএনপি সদস্য সচিব মোস্তফা জামান। গতকাল বৃহস্পতিবার দুপুরে মামুনুর রশীদের পরিবারের সঙ্গে দেখা করে মোস্তফা জামান তার পরিবারকে আশ্বস্ত করেন।

এ সময় ডিবির প্রধানকে ফোন দিয়ে কথা বলেন তিনি। ঘটনার সত্যতা ও দ্রুত সময় তাকে তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার সহযোগিতা চান। একই সময় মামুনুরের ছবি ও সেখানকার সিসিটিভি ফুটেজ দলীয় নেতাকর্মীদের বিভিন্ন গ্রুপে দিয়ে খোঁজখবর নেওয়ার নির্দেশ দেন।

মামুনুর রশীদের পরিবার অভিযোগ করে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সক্রিয় নেতা ছিলেন তিনি। নিখোঁজ হওয়ার দুদিন আগে থেকে হোয়াটসঅ্যাপে নানা ধরনের হুমকি ও গুম করার বার্তা দিচ্ছিল কয়েকজন। তারপরই মামুনুর নিখোঁজ হন।

সবকিছু শুনে মোস্তফা জামান বলেন, স্বৈরাচার আওয়ামী লীগের সময় এমনটা হতো কিন্তু বর্তমানে এ ধরনের ঘটনা আমরা কেউ মেনে নেব না। দ্রুত সময় মাওলানা মামুনুর রশীদ ফিরে না এলে আমরা এর শেষ দেখে নেব। আপনারা কেউ চিন্তা করবেন না, বিএনপি আপনাদের পাশে আছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। সে দায়িত্ব থেকে এখানে এসেছি। আপনারা দেখেছেন আমি তুরাগ থানা ওসি ও ডিবির প্রধানের সঙ্গে কথা বলেছি। তারা এ বিষয় কাজ করছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত