চট্টগ্রামের আনোয়ারা উপকূলে সাগরে মাছ ধরার ইঞ্জিনচালিত নৌকায় উঠার সময় ছিটকে পড়ে এক জেলে নিখোঁজ হয়েছেন। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) দুপুর দুইটার দিকে উপজেলার রায়পুর ইউনিয়নের গহিরা উঠান মাঝির ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিখোঁজ জেলের নাম মো. আরিফ (২২)। তিনি উপজেলার রায়পুর ইউনিয়নের পূর্ব গহিরা ফকিরহাট এলাকার মো. আব্দুল মান্নানের ছেলে। তিন বছর আগে বিয়ে করার পর থেকে পরিবার নিয়ে পার্শ্ববর্তী জুঁইদন্ডী এলাকায় থাকতেন তিনি। তার দুই বছরের এক ছেলে সন্তান রয়েছে। দীর্ঘদিন যাবত সাগরে মাছ ধরে জীবিকা নির্বাহ করতেন তিনি।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, শুক্রবার দুপুরে উঠান মাঝির ঘাট থেকে চারজন জেলে নিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকা সাগরে মাছ ধরার উদ্দেশ্যে রওনা দেয়। এ সময় আরিফ নৌকায় উঠতে গিয়ে অসাবধানতাবশত পা পিছলে সাগরে ছিটকে পড়েন। তাৎক্ষণিক সহকর্মীরা তাকে উদ্ধার চেষ্টা চালালেও উত্তাল ঢেউ আর স্রোতে সাগরে তলিয়ে যান আরিফ। প্রায় দেড় ঘণ্টা খোঁজাখুঁজির পরও তাকে আর পাওয়া যায়নি। পরে স্থানীয়রা বিষয়টি ফায়ার সার্ভিস,কোস্টগার্ড ও নৌপুলিশকে অবহিত করে।
স্থানীয় বাসিন্দা মো. আবু ছৈয়দ বলেন, দুপুর আনুমানিক দুইটার দিকে তারা সমুদ্রে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। নৌকায় ওঠার সময় আরিফ হঠাৎ পড়ে যান। আমরা নৌকা দিয়ে ও বিভিন্নভাবে অনেক চেষ্টা করেছি, কিন্তু পানির স্রোত এত তীব্র ছিল যে তাকে আর খুঁজে পাওয়া যায়নি।
কোস্টগার্ড সাঙ্গু স্টেশনের কন্টিনজেন্ট কমান্ডার মোস্তফা আহমেদ বলেন, সাগরে জেলে নিখোঁজের খবর পেয়েছি। আমাদের উদ্ধারকারী দল ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চালাচ্ছেন।
