ফেনীর পরশুরামের দক্ষিণ কোলাপাড়া গ্রামে দুই কন্যাসন্তানকে হত্যার হুমকি দিয়ে প্রবাসীর স্ত্রীকে একাধিকবার ধর্ষণ করার অভিযোগ উঠেছে। ওই প্রবাসীর স্ত্রী নিজেকে অন্তঃসত্ত্বা দাবি করে ভাশুরের ছেলে জিহাদের (২২) বিরুদ্ধে গতকাল শুক্রবার পরশুরাম থানায় লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, জিহাদ তার দুবাই প্রবাসী চাচার স্ত্রী ও তার দুই কন্যাসন্তানকে হত্যার হুমকি দিয়ে তার চাচিকে একাধিকবার ধর্ষণ করেছে। অভিযোগে আরও উল্লেখ করা হয়, ওই নারী দুই শিশুসন্তানকে নিয়ে বর্তমানে নিরাপত্তাহীনতায় রয়েছেন।
কোলাপাড়া গ্রামের জাফর আহমেদ বলেন, ‘প্রবাসীর স্ত্রী এলাকার গণ্যমান্য ব্যক্তিদের কাছে অভিযোগ করলে আমরা তাকে থানায় যাওয়ার পরামর্শ দিই।’ ভুক্তভোগী নারী বলেন, ‘আমার স্বামী এক বছর ধরে বিদেশে আছেন। বাড়িতে একা থাকার সুযোগে জিহাদ আমার দুই মেয়েকে হত্যার হুমকি দিয়ে আমাকে জিম্মি করে একাধিকবার ধর্ষণ করে। বর্তমানে দুই সন্তানকে নিয়ে নিরাপত্তাহীনতায় আছি।’
পরশুরাম মডেল থানার ওসি মো. নুরুল হাকিম বলেন, এ বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
