মুন্সীগঞ্জের গজারিয়ায় সড়ক দুর্ঘটনার সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির এক শিক্ষার্থী নিহতের ঘটনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। এ সময় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের সামনের এ দুর্ঘটনা ঘটনা ঘটে। এর পরপরই জড়িতদের গ্রেপ্তার ও নিরাপদ সড়কের দাবিতে মহাসড়ক অবরোধ করে তারা। যা সকাল সাড়ে ১১টা পরও চলে।
প্রত্যক্ষদর্শী আলী হোসেন জানান, স্কুল ড্রেস পরা একটি মেয়েটা সড়ক পার হচ্ছিলেন। এ সময় স্টার লাইন পরিবহনের একটি দ্রুতগতির বাস তাকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এর পরপরই শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এতে মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশরাফুল আলম, পুলিশ, সেনাবাহিনী সদস্য ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে তিন ঘণ্টা পর মহাসড়ক যানজট মুক্ত করেন।
নিহত শিক্ষার্থীর সহপাঠী সায়েমা বলেন, আমরা এর ক্ষতিপূরণ চাই। একই সঙ্গে আমরা নির্বিঘ্নে মহাসড়ক পারাপারের নিশ্চয়তার পাশাপাশি স্কুলের সামনে ফুটওভার ব্রিজ ও হাঁটার রাস্তা চাই।
শিক্ষার্থীদের অভিভাবক ও স্থানীয়রা বলেন, মহাসড়ক ঘেঁষে শিক্ষাপ্রতিষ্ঠান থাকলেও নিরাপদে সড়ক পারাপারের কোনো ব্যবস্থা নেই। দ্রুত ফুটওভার ব্রিজ বা স্পিডব্রেকার স্থাপনের দাবি জানান তারা।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার বলেন,খবর পেয়ে আমি ঘটনাস্থলে পৌঁছে বিক্ষুব্ধ শিক্ষার্থীদের শান্ত করে তাদের দাবিগুলো শুনেছি,ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সঙ্গে আলোচনা করে তাদের দাবিগুলো বাস্তবায়নে চেষ্টা করবো।