কক্সবাজারের চকরিয়ায় পৃথকভাবে ছুরিকাঘাতে এবং পিটিয়ে ২ যুবককে হত্যা করা হয়েছে। এর মধ্যে শনিবার (২৭ সেপ্টেম্বর) বদরখালী ইউনিয়নের ফুলতলা খাসপাড়ায় বড় ভাইয়ের ছেলের ছুরিকাঘাতে চাচা সিএনজিচালক হারুনর রশীদ (৪৫) খুন হন।
অপর এক ঘটনায় ভোর সাড়ে ৫টার দিকে মহাসড়কের মাতামুহুরি ব্রিজের কাছে পিটিয়ে হত্যা করা গিয়াস উদ্দিন (৪৫) নামের অপর মরদেহ উদ্ধার করা হয়েছে। উভয় খুনের সত্যতা নিশ্চিত করেছেন চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদুল আনোয়ার।
এর মধ্যে নিহত হারুন এলাকার ছাবের আহমদের ছেলে ও সিএনজি অটোরিকশা চালক ছিলেন। নিহত গিয়াস উদ্দিন উপজেলার কাকারা ইউনিয়নের দিঘির পাড় এলাকার গোলাম কাদেরের ছেলে ও ইজিবাইক গ্যারেজ মালিক।
নিহত হারুনের ভাগিনা কাজল বলেন, আমার মামা হারুন পৈত্রিক ভিটি জমিতে নতুন বাড়ি নির্মাণ করছেন। বাড়ির সীমানা নিয়ে বড় ভাই শেখ আহমদের সঙ্গে বিরোধ রয়েছে। শনিবার সকালে নির্মাণ কাজ করার সময় শেখ আহমদ তাতে বাঁধা দেন। এ নিয়ে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে শেখ আহমদের ছেলে খোকা অতর্কিত এসে চাচা হারুনের বুকে ছুরিকাঘাত করে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চকরিয়া থানার এসআই মো. আরাকান লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করেন। তিনি জানান, তার বুকের বামপাশে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।
চকরিয়া থানার ওসি তৌহিদুল আনোয়ার বলেন, জমির সীমানা বিরোধ নিয়ে এ হতাকাণ্ডের ঘটনা ঘটেছে। ময়নাতদন্তের জন্য লাশ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এখনো মামলা না হলেও খুনিকে ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।
নিহত গিয়াসের স্ত্রী জান্নাতুল নাঈম বলেন, শুক্রবার দিবাগত রাত ২টার দিকে স্থানীয় মিন্টুসহ মোটরসাইকেল যোগে চিরিঙ্গা যান গিয়াস উদ্দিন। চিরিঙ্গা থেকে বাড়ি ফেরার পথে পূর্ব থেকে ওৎ পেতে থাকা প্রতিপক্ষ তৌহিদের নেতৃত্বে ৫ জন লোক কারগাড়িযোগে মোটরসাইকেলকে ব্যারিকেড দেয়। এ সময় কার থেকে তৌহিদসহ ৪-৫ জন লোক নেমে মিন্টুকে বন্দুকের ভয় দেখিয়ে দুরে দাঁড় করিয়ে রেখে গিয়াস উদ্দিনকে কারগাড়িতে তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। মিন্টুর কাছ থেকে বিষয়টি জানার পর থানায় অবগত করা হয়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। ভোরে মহাসড়কের মাতামুহুরি ব্রিজ এলাকা থেকে আমার স্বামীর লাশ উদ্ধার হয়।
চকরিয়া থানার অফিসার ইনচার্জ তৌহিদুল আনোয়ার বলেন, পূর্বশত্রুতার জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে। সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে। গিয়াস উদ্দিনের মাথায় টর্চলাইটের আঘাত করে খুন করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানান তিনি।
পিআর হলে সকাল-বিকেল এমপি বেচাকেনা হবে: রাশেদ খান
পুত্রের জন্মদিনে আপ্লুত বাবা