ই-রিটার্নে আয়কর প্রদানের আহ্বান ঢাকা চেম্বারের

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ এএম

কর প্রদানের বিদ্যমান প্রতিবন্ধকতা এড়াতে ই-রিটার্ন প্রক্রিয়া ব্যবহারের মাধ্যমে আয়কর ও ভ্যাট প্রদানে দেশের সর্বস্তরের জনগণের পাশাপাশি ব্যবসায়ী সমাজকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি তাসকীন আহমেদ। গতকাল শনিবার ডিসিসিআই মিলনায়তনে অনুষ্ঠিত ‘ব্যক্তিগত আয়কর ও ই-রিটার্ন’ শীষর্ক কর্মশালার উদ্বোধনকালে তিনি এ আহ্বান জানান।

ঢাকা চেম্বারের সভাপতি তাসকীন আহমেদ বলেন, কর রাজস্বের মাধ্যমে সরকার দেশীয় অবকাঠামো উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়ন করে থাকে। তাই দেশের অর্থনৈতিক ভিত্তি শক্তিশালীকরণে আয়কর জমা দেওয়া আমাদের প্রত্যেক নাগরিক ও ব্যবসায়ীর নৈতিক দায়িত্ব। তিনি জানান, পৃথিবীর অন্যান্য দেশের চেয়ে বাংলাদেশের জিডিপিতে আয়করের অবদান তুলনামূলকভাবে অনেক কম, আমাদের এ অবস্থা থেকে বেরিয়ে আসতে হবে, বেশি হারে কর প্রদান করতে হবে।

ডিসিসিআই সভাপতি বলেন, সরকার জনগণকে আয়কর প্রদানে উৎসাহিত করার পাশাপাশি কর প্রদান প্রক্রিয়ায় বিদ্যমান প্রতিবন্ধকতা নিরসনে ই-রিটার্ন ব্যবস্থার প্রবর্তন করেছে, যার মাধ্যমে কর প্রশাসনে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে। ই-রিটার্ন প্রক্রিয়া ব্যবহার করে ব্যক্তি শ্রেণির করদাতাসহ ব্যবসায়ীদের কর প্রদানে এগিয়ে আসার ওপর তিনি জোরারোপ করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত