চট্টগ্রামে খাদ্য উপদেষ্টা

দায়িত্ব ছাড়ার আগে পর্যাপ্ত খাদ্য মজুদ রেখে যাব

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪৩ এএম

যতদিন থাকব ততদিন দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে যাব। আগামী মধ্য ফেব্রুয়ারিতে নির্বাচনের পর অন্তর্বর্তী সরকার দায়িত্ব ছেড়ে যাওয়ার আগে যে পরিমাণ খাদ্য মজুদ থাকা উচিত এর চেয়ে বেশি রেখে যাব। সে পরিকল্পনা মোতাবেক কার্যক্রম চলছে বলে জানিয়েছেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার।

গতকাল শনিবার খাদ্য উপদেষ্টা চট্টগ্রাম সার্কিট হাউজ সম্মেলন কক্ষে খাদ্যবান্ধব এবং ওএমএস কর্মসূচি বিষয়ক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, এখনো আমাদের প্রায় ১৬ লাখ টন চাল মজুদ আছে। গম মজুদ আছে প্রায় ১ লাখ টনের মতো। গমবাহী একটি জাহাজ বর্তমানে কুতুবদিয়া বহির্নোঙরে খালাসের জন্য অপেক্ষমাণ আছে। আমেরিকা এবং রাশিয়া থেকে দুটি জাহাজ আসছে। আমেরিকা থেকে গম কেনার জন্য আরও চুক্তি করা হচ্ছে।

বর্তমানে চালের দাম স্থিতিশীল আছে জানিয়ে উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেন, এক পর্যায়ে চালের দাম বেড়েছিল, সেটা কমানোর জন্য সরকার দ্রুত খাদ্যবান্ধব কর্মসূচি চালু করেছে।  ৫০ লাখ থেকে বাড়িয়ে বর্তমানে ৫৫ লাখ পরিবারকে প্রতিমাসে ৩০ কেজি করে চাল দেওয়া হচ্ছে। আগে এই কর্মসূচি শুরু হতো সেপ্টেম্বর থেকে ৫ মাস। এখন শুরু হয়েছে আগস্ট থেকে ৬ মাস। এটার মূল উদ্দেশ্য হচ্ছে খাদ্যবান্ধব কর্মসূচির উপকারভোগী ৫৫ লাখ পরিবার বাজারে চাল কিনতে যাবে না। এতে বাজারে চালের সরবরাহ বাড়ল এবং দামের ওপরও এর  প্রভাব পড়ে।

তিনি বলেন, ইতিমধ্যে আমরা লক্ষ করছি সেই প্রভাবটা অলরেডি পড়েছে। দামটা আরও কমলে আমিও খুশি হতাম, আপনারাও খুশি হতেন। কিন্তু যারা চাল উৎপাদন করেন তাদের আক্ষেপ, তারা ন্যায্যমূল্য পাচ্ছে না। সেদিকটাও আমাদের দেখতে হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত