ফরিদপুরের বোয়ালমারীতে সাপের কামড়ে খলিল মৃধা (৫৫) নামের একজনের মৃত্যু হয়েছে। রবিবার (২৮ সেপ্টেম্বর) বোয়ালমারী উপজেলার সদর ইউনিয়নের মোহনপুর গ্রামে এ ঘটনা ঘটে।
হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা যায়, খলিল মৃধাকে রবিবার বেলা ১১টার দিকে বিষধর সাপে কামড় দেয়। ঘণ্টাখানেক পরে স্বজনরা বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা রোগীর লক্ষণ ও কিছু পরীক্ষার পর নিশ্চিত হন সাপটি বিষধর। এরপর বেলা ১টার দিকে তাকে সাপের বিষের প্রতিষেধক (এন্টিভেনম) দেয়া হয়। কিন্তু কিছু সময় পরেই রোগীর মৃত্যু ঘটে।
এ ব্যাপারে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. কে এম মাহমুদ রহমান বলেন, খলিল মৃধা নামের এক ব্যক্তি সাপে কাটার পর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন। তিনি যখন হাসপাতালে আসেন তখনই মারাত্মক অসুস্থ ছিলেন। এরপর বমিও করেছেন। আমরা এন্টিভেনম দেয়ার কয়েক মিনিটের মধ্যেই তিনি মারা যান।
