অভিষেক বনাম শাহিন আফ্রিদি- যে দ্বৈরথ এশিয়া কাপ শিরোপা নির্ধারণ করতে পারে

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৩৩ পিএম

এশিয়া কাপের মঞ্চে ভারতের অন্যতম বড় শক্তি হয়ে উঠেছেন অভিষেক শর্মা। পাওয়ারপ্লেতে তার সাহসী ব্যাটিং ভারতকে এমন এক গতি এনে দিয়েছে, যা মিডল অর্ডারের খোলসে ঢেকে থাকা ব্যর্থতাকে পুষিয়ে দিচ্ছে। মাত্র ২৫ বছর বয়সী এই বাঁহাতি ব্যাটার টানা তিন ম্যাচে পাকিস্তান, বাংলাদেশ ও শ্রীলঙ্কার বিপক্ষে হাফসেঞ্চুরি করে প্রতিপক্ষকে চাপে ফেলেছেন। এর আগে তিন ম্যাচে টানা ত্রিশের ঘরে রান করেও স্থিতিশীলতা দেখিয়েছিলেন তিনি।

অন্যদিকে পাকিস্তানের পেস তারকা শাহীন শাহ আফ্রিদিও ২৫ বছরের, তবে আন্তর্জাতিক ক্রিকেটে তিনি অনেক পরিণত। টুর্নামেন্টে সব দলের বিপক্ষেই সফল হলেও ভারতের বিপক্ষে তার রেকর্ড হতাশাজনক—৫.৫ ওভারে ৬৩ রান খরচ, কোনো উইকেট নেই। অথচ পাকিস্তানের শেষ দুই ম্যাচে মোট ৬ উইকেট নিয়ে পুরনো আগ্রাসী রূপে ফিরেছেন তিনি।

ভারত-পাকিস্তান লড়াইয়ে শাহীন-অভিষেক দ্বৈরথ এখন আলোচনার কেন্দ্রে। প্রথম দেখায় (১৪ সেপ্টেম্বর) শাহীনের প্রথম বলেই ছক্কা হাঁকান অভিষেক, পরের বল যায় এক্সট্রা কভারের ওপর দিয়ে বাউন্ডারিতে। সে ইনিংসে মাত্র ১৩ বলে ৩১ রান করে ভারতের জয় প্রায় নিশ্চিত করে ফেলেন তিনি। দ্বিতীয় ম্যাচেও একই দৃশ্য—বাউন্সার দিয়েও আটকানো যায়নি অভিষেককে, হুক করে ছক্কা মেরে দিলেন ফাইন লেগের ওপর দিয়ে। এখন পর্যন্ত মুখোমুখি লড়াইয়ে অভিষেক ১৪ বলে ৩১ রান তুলেছেন শাহীনের বিপক্ষে, মেরেছেন তিন ছক্কা ও দুই চার।

তৃতীয়বারের লড়াই এবার ফাইনালে। পাকিস্তানের আশা, ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপের মতো আবারও শাহীন তার নতুন বলে জাদু দেখাতে পারবেন, যে ম্যাচে রোহিত শর্মা ও লোকেশ রাহুলকে প্রথম ওভারেই ফিরিয়ে দিয়েছিলেন বাহাতি পেসার। তবে এরপর থেকে ভারতের বিপক্ষে তেমন সাফল্য আর আসেনি।

ভারতের ফাস্ট বোলিং কোচ মর্নে মরকেল বলেন, শাহীন একজন আক্রমণাত্মক বোলার, তিনি প্রতিপক্ষকে ভেঙে ফেলতে চান। অন্যদিকে অভিষেকও পিছপা হবে না। দুজনের প্রতিটি মুখোমুখি লড়াই ক্রিকেটপ্রেমীদের আসনের কিনারায় বসিয়ে রাখে, আর সেটাই খেলার সৌন্দর্য।”

ফাইনালের ভাগ্য নির্ধারণে এই এক লড়াই—অভিষেক আবারও আধিপত্য দেখাতে পারেন কিনা, নাকি শাহীন ‘তৃতীয়বারে ভাগ্য খুলবে’ প্রবাদ সত্যি প্রমাণ করবেন—তা-ই দেখার অপেক্ষা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত